নেত্রকোণার মদনে পৌরসভার ইজারাদারের চাঁদা আদায়কারীর সঙ্গে ধাক্কাধাক্কিতে আব্দুল বারেক (৭০) নামের এক গেজেটভুক্ত জুলাইযোদ্ধা নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার মোড়লবাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আতিকুল ইসলাম (১৯) নামের একজনকে আটক করেছে পুলিশ। নিহত বারেক চানগাঁও চকপাড়ার মৃত আব্দুল গণির ছেলে ও ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভায় চলাচলকারী যাহবাহন থেকে টোল আদায়ের জন্য মুফতি রায়হান আহমেদ পৌরসভা থেকে ইজারা নেন। কিন্তু তিনি নিয়ম বহির্ভূতভাবে দীর্ঘদিন ধরেই পৌরসভার বাইরে টোল আদায় করে আসছেন বলে অভিযোগ রয়েছে। সোমবার ময়মনসিংহ থেকে মদন আসার পথে চানগাঁও ইউনিয়নের মোড়লবাড়ির সামনে একটি যাত্রীবাহী সিএনজি থেকে ২০ টাকা টোল আদায় নিয়ে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা জুলাইযোদ্ধা বারেক আহত হয়। পরে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মদন থানার ওসি সালাহউদ্দিন করিম বলেন, নিহত বারেক একজন গেজেটভুক্ত জুলাইযোদ্ধা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
