আইসিসি’র নতুন চক্রে ‘বড় পরীক্ষা’য় জ্যোতিরা

আইসিসি’র নতুন চক্রে ‘বড় পরীক্ষা’য় জ্যোতিরা

ফন্ট সাইজ:

সবশেষ আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের থেকে নেট রানরেটে পিছিয়ে থাকায় বাছাইপর্বে খেলতে হয়েছে। ছয় দল নিয়ে হওয়া বাছাইপর্বে দ্বিতীয় হয়ে অষ্টম দল হিসেবে টুর্নামেন্টের মূলপর্বে জায়গা করে নেয় নিগার সুলতানা জ্যোতির দল। ২০২৯ সালের বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে এবার বড় চ্যালেঞ্জের সামনে টাইগ্রেসরা। আজ থেকে শুরু হচ্ছে নারী চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। ২০২৫-২০২৯ সাল পর্যন্ত হওয়া এ চক্রে নতুন করে যুক্ত হয়েছে জিম্বাবুয়ের মেয়েরা। এ চ্যাম্পিয়নশিপে খেলা স্বাগতিক দেশসহ পয়েন্ট টেবিলের শীর্ষ সাত দল সরাসরি পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে। তাই বাছাইপর্বে না খেলতে চাইলে বাংলাদেশকে আয়োজক দেশকে সঙ্গী করে সেরা সাতে থাকতে হবে। গতকাল আইসিসি’র প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটা জানানো হয়। মেয়েদের নতুন চক্রে প্রতিটি দল অন্য আটটি দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। পুরো চক্রের মোট ৪৪টি সিরিজে ১৩২টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল চারটি সিরিজ নিজেদের মাঠে এবং চারটি সিরিজ প্রতিপক্ষের মাঠে খেলার সুযোগ পাবে।

আইসিসি জানিয়েছে, ২০২৫ নারী বিশ্বকাপের অবস্থানের ওপর ভিত্তি করে দলগুলোর সিডিং নির্ধারণ করা হয়। যেখানে বাংলাদেশ নারী দলের অবস্থান সাতে। আইসিসি’র প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের মেয়েরা ঘরের মাঠে শক্তিশালী ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও নবাগত জিম্বাবুয়েকে আতিথ্য দেবে। অন্যদিকে, টাইগ্রেসদের দেশের বাইরে গিয়ে খেলতে হবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার কন্ডিশনে। অর্থাৎ, সরাসরি বিশ্বকাপের টিকিট পেতে ঘরের মাঠের সুবিধা শতভাগ কাজে লাগানোর পাশাপাশি বিদেশের মাটিতেও চমক দেখাতে হবে জ্যোতিদের।

সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারালে বাছাইপর্ব খেলার সুযোগও থাকছে। দশ দল নিয়ে হওয়া বিশ্বকাপে বাকি তিনটি দল আসবে বাছাইপর্বের গণ্ডি পেরিয়ে। নতুন চক্রে প্রতিটি জয়ের জন্য ২ পয়েন্ট এবং টাই বা পরিত্যক্ত ম্যাচের জন্য ১ পয়েন্ট বরাদ্দ থাকছে। যদি একাধিক দলের পয়েন্ট সমান হয়, তবে প্রথমে জয় সংখ্যা এবং পরে নেট রানরেট দিয়ে র‌্যাঙ্কিং নির্ধারিত হবে। ২০২৫ বিশ্বকাপের সরাসরি খেলার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে অস্ট্রেলিয়া। পরে বাছাইপর্বে দুর্দান্ত খেলে পাকিস্তানসহ বিশ্বকাপের মূল পর্বে নাম লেখায় টাইগ্রেসরা। এবার বাংলাদেশ চাইবে সরাসরি শীর্ষ আটে থেকে বিশ্বকাপের যাত্রা নিশ্চিত করতে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন