ভেন্যুর সঙ্গে বদলে গেল শুরুর দিনক্ষণ

এশিয়ান গেমস হকি বাছাইপর্ব

ভেন্যুর সঙ্গে বদলে গেল শুরুর দিনক্ষণ

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে ছেলেদের এশিয়ান গেমস হকির বাছাইপর্বের ভেন্যু পরিবর্তিত হয়েছে। এশিয়ান হকি ফেডারেশনের পূর্ব ঘোষণা অনুযায়ী ওমানের মাসকটে বাছাইপর্ব হওয়ার কথা থাকলেও সেখানে হচ্ছে না। মাসকট থেকে টুর্নামেন্টটি থাইল্যান্ডে সরিয়ে নিয়েছে এএইচএফ। বদলে গেছে শুরুর দিনক্ষণও। বাংলাদেশসহ নয়টি দলের অংশগ্রহণে ২৮শে মার্চ থেকে ৫ই এপ্রিল মাসকটে বাছাইপর্ব হওয়ার থাকলেও নতুন সূচি অনুযায়ী ২রা এপ্রিল শুরু হবে। এই টুর্নামেন্টের শীর্ষ চারটি দল আগামী সেপ্টেম্বরের এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে।

দশ দিন ধরে আলোচনার পর টুর্নামেন্টের ভেন্যু সরিয়ে নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে এশিয়ান হকি ফেডারেশন। এ নিয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘সোমবার বিকালে ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়। আমরা সন্ধ্যায় অফিসিয়াল মেইল পাই। ওমানে সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনার পর কোনো দলই সেখানে যেতে রাজি ছিল না। যার ফলে মাসকট পর্ব বাতিল করা হয়েছে।’

ভেন্যু পরিবর্তন হলেও দলগুলোর গ্রুপিং অপরিবর্তিত থাকছে। বাংলাদেশ ‘বি’ পুলে শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে এবং উজবেকিস্তানের বিপক্ষে খেলবে। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ওমান, হংকং, থাইল্যান্ড, কাজাখস্তান এবং ইন্দোনেশিয়া। রিয়াজুল হাসান বলেন, ‘দলগুলোর কোনো পরিবর্তন হয়নি, তবে ফিক্সচারে সামান্য সমন্বয় হতে পারে। আমরা আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত সূচি পেয়ে যাবো।’ হঠাৎ ভেন্যু পরিবর্তনের ফলে দলগুলো লজিস্টিক চাপের মুখে পড়েছে। বাংলাদেশ দল থাইল্যান্ডের ভিসা প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া ওমানে কাজাখস্তান ও থাইল্যান্ডের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা থাকলেও এখন নতুন করে সূচি নির্ধারণ করতে হবে।

ওমানের পরিস্থিতির কারণে নারী জুনিয়র এএইচএফ কাপ-ও স্থগিত করা হয়েছে, যা ৬ই এপ্রিল মাসকটে শুরু হওয়ার কথা ছিল। এর ফলে নারী জুনিয়র দলের অনুশীলন ক্যাম্প আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে ২০শে এপ্রিল ইন্দোনেশিয়ায় শুরু হতে যাওয়া নারী এশিয়ান গেমস কোয়ালিফায়ারে অংশ নেবে বাংলাদেশের নারী জুনিয়র দল। এদিকে পুরুষ জাতীয় দলের ক্যাম্প বর্তমানে চলমান রয়েছে। প্রাথমিকভাবে ৩৬ জন খেলোয়াড়কে ডাকা হলেও ফিটনেস টেস্টের পর বর্তমানে ২৬ জন নিয়ে ক্যাম্প চলছে। খেলোয়াড়রা ১৯ থেকে ২৩শে মার্চ ঈদের ছুটি কাটিয়ে ২৪শে মার্চ থেকে আবারো প্রশিক্ষণে ফিরবেন। দুই দেশীয় কোচ বর্তমানে ক্যাম্পটি তদারকি করছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন