সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানায় টিনের ঘরের চালের পানি পড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক আমির হোসেন (২৪)-কে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইসলামপুর (দুভাগ) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অভিযুক্ত আমির একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, নিজের বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি থেকে মারামারির সূত্রপাত হয়।
একপর্যায়ে আমিরের মা আম্বিয়া বেগমের হাতে ভিকটিম পক্ষের লোকজন কোপ দেন। এ সময় আমির ছুরি দিয়ে জাহাঙ্গীরের বুকের বাম পাশে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
গোয়াইনঘাটে তুচ্ছ ঘটনার জেরে যুবক খুন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
২৪ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
