শ্রীনগরে স্বামী-স্ত্রীকে বেঁধে গ্যারেজে ডাকাতি, স্বামীর মৃত্যু

ফন্ট সাইজ:

শ্রীনগর উপজেলায় স্বামী-স্ত্রীকে বেঁধে গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় রহস্যজনকভাবে স্বামীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার পর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. অহিদুল্লাহ (৫৪)। তার স্ত্রী ওসনা বেগম (২৮)। নিহত অহিদুল্লাহর বাড়ি কুমিল্লার দাউদকান্দি এলাকায়। কয়েক বছর আগে তারা দু’জন শ্রীনগরে আসেন। সেখানে তাদের পরিচয় হয় এবং পরে বিয়ে করেন। ওসনা বেগম অহিদুল্লাহর দ্বিতীয় স্ত্রী। এ দম্পতি গ্যারেজের ভেতরেই ঘর করে থাকতেন। জানা যায়, গ্যারেজের ভেতর ঘুমিয়ে ছিলেন স্বামী-স্ত্রী। গভীর রাতে তালা ভেঙে ঢোকে একদল দুর্বৃত্ত। রশি দিয়ে দু’জনকে বেঁধে ৭২টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দু’টি অটোরিকশা লুট করে তারা। দুবৃর্ত্তরা চলে যাওয়ার পর স্ত্রীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এসে স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই ৯৯৯ নম্বরে ফোন পেয়ে শ্রীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, ঘটনাটি ডাকাতি বলেই মনে হচ্ছে। রাত ৩টার পর জানতে পেরে তখনই পুলিশ পাঠানো হয়। নিহত ব্যক্তির শরীরের কোথাও বাহ্যিক আঘাতের কোনো চিহ্ন ছিল না। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে কাজ করছে পুলিশ।