লাখাইয়ে মুরগি নিয়ে বিরোধে আহত ব্যক্তির মৃত্যু

ফন্ট সাইজ:

হবিগঞ্জের লাখাইয়ে মুরগি নিয়ে কথাকাটাকাটির জেরে আহত ছোওয়াব মিয়া ওরফে সইদা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার ১১ দিন পর গত রোববার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ছোওয়াব উপজেলার লাখাই ইউনিয়নের অন্তর্গত শিবপুর গ্রামের (ঘাঘটিয়ার) মৃত বরজু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ই নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে শিবপুর গ্রামে ভিকটিম ছোওয়াবের বাড়ির সামনে মুরগি নিয়ে একই এলাকার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে আবু কালাম মিয়া (৪৫) সহ কয়েকজনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ছোওয়াব মাথায় গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি শরীফ উদ্দিন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।