রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাতে মিয়ানমার সরকারের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক অঙ্গনে বৃটেনের জোরালো ভূমিকা চেয়েছে বাংলাদেশ। সোমবার ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে এই প্রত্যাশার কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে।
বৈঠকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) ফাঁকে দুই দেশের উচ্চপর্যায়ের আলাপ থেকে কীভাবে কার্যকর হযোগিতা এগিয়ে নেয়া যায়, তা নিয়েও আলোচনা করেছেন শামা ওবায়েদ ও সারাহ কুক। এ সময় জলবায়ু বিনিয়োগ তহবিলের (সিআইএফ) নতুন একটি ব্যবস্থায় যুক্তরাজ্যের ৪০০ মিলিয়ন পাউন্ডের প্রাথমিক অবদানের বিষয়টি তুলে ধরেন হাইকমিশনার।
রোহিঙ্গা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়কে স্বাগত জানান। রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করার বিষয়টি উল্লেখ করে তিনি রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ বাড়াতে বৃটেনের ভূমিকা কামনা করেন।
রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে বৃটেনের ধারাবাহিক সমর্থনেরও প্রশংসা করেন শামা ওবায়েদ। পাশাপাশি এ জনগোষ্ঠীর অধিকার নিয়ে সোচ্চার ভূমিকা রাখায় এডিনবরার ডাচেস সোফির প্রশংসা করেন তিনি। সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের বিষয়টিও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
জবাবে বৃটিশ হাইকমিশনার রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে তার দেশের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
