পেটে টান পড়েছে বনজীবীদের আন্দোলন অব্যাহত

পেটে টান পড়েছে বনজীবীদের আন্দোলন অব্যাহত

ফন্ট সাইজ:

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের সুযোগ দেয়ার দাবিতে টানা দুই মাস সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায়সহ সুন্দরবন সংলগ্ন ইউনিয়নগুলোতে মানববন্ধন করেছেন জেলে ও নৌকার মাঝিরা। এরই ধারাবাহিকতায় গতকালও শতাধিক নৌকার মাঝি ও জেলে পরিবারের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বনজীবীরা বলেন, আমাদের আর যাওয়ার জায়গা নেই আবার আমাদের পেটে টান পড়েছে। সুন্দরবনের ওপর নির্ভর করে তাদের জীবন-জীবিকা চলে। কিন্তু বনদস্যুদের হুমকি, অপহরণ ও নিরাপত্তাহীনতার কারণে প্রায় দুই মাস ধরে অনেক জেলে সুন্দরবনে যেতে পারছেন না। এতে তাদের পরিবারে দেখা দিয়েছে খাদ্যসংকট। জেলে আবুল কালাম বলেন, ঝড়-বৃষ্টির মধ্যেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

কথা বলার সময় কান্নায় ভেঙে পড়ে আবুল কালাম বলেন, আমার তিনটা মেয়ে। তারা আমার কাছে টাকা চায়। কিন্তু আমি তাদের হাতে ১০টাকা দিতে পারছি না।’ দ্রুত সুন্দরবন থেকে বনদস্যুদের নির্মূল করে জেলেদের নিরাপদে মাছ ধরার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আবেদন জানান তিনি। আরিফুল ইসলামের অভিযোগ, সুন্দরবন থেকে বনদস্যুরা ফোন করে তাদের ভয়ভীতি দেখাচ্ছে। মানববন্ধনে অংশ নেয়ার বনদস্যুরা ছবি ছবি দেখে দেখে ফোনে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, আমার সঙ্গে থাকা ২৫ জনের প্রত্যেকের পরিবারে তিন-চারটি করে সন্তান আছে। তারা না খেয়ে থাকলেও কিছুই করার নেই।

সরকার দ্রুত ব্যবস্থা নেবে এটাই আশা করি। মানববন্ধনে বনদস্যু নির্মূল কমিটির সদস্য আশিকুর রহমান বলেন, রাসমেলায় পুণ্যার্থীদের নিরাপত্তায় বন বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি ও টহলের ব্যবস্থা করা হয়। কিন্তু সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে-বাওয়ালিদের নিরাপত্তার ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা নেই বলে তিনি অভিযোগ করেন। মানববন্ধনে বক্তারা সুন্দরবনে দ্রুত অভিযান পরিচালনা, বনদস্যুদের অপতৎপরতা বন্ধ, জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত এবং নিরাপদে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ তৈরির দাবি জানান।