সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে আলীপুর-টেংরাটিলা এলাকায় প্রায় চার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত সেতুটির নির্মাণকাজ দীর্ঘ প্রায় পাঁচ বছরেও শেষ হয়নি। চলতি বছরের আগস্টের শেষ দিকে সেতুর মূল কাঠামো ও অন্যান্য কাজ শেষ হলেও তৈরি হয়নি দুই পাশের সংযোগ সড়ক বা এপ্রোচ রোড। সংযোগ সড়ক না থাকায় সেতুটি কার্যত কোনো কাজেই আসছে না- ফলে বাধ্য হয়ে এলাকাবাসীকে স্টিলের পাটাতন ও মই বেয়ে সেতুতে ওঠানামা করতে হচ্ছে। অপরিকল্পিত এই নির্মাণকাজ ও দীর্ঘসূত্রিতার কারণে সেতুটি এখন স্থানীয়দের উপকারের বদলে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ৫০০ মিটার চেইনেজে ৭৫ মিটার দীর্ঘ এই পিসি গার্ডার সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৯৪ হাজার টাকা। ২০২২ সালের ২রা ফেব্রুয়ারি আলীপুর-টেংরাটিলা খেয়াঘাটে ভিত্তিপ্রস্তর স্থাপন করে আনুষ্ঠানিকভাবে এর নির্মাণকাজ শুরু করা হয়েছিল।
তবে শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, খামখেয়ালিপনা ও নানা অনিয়মের অভিযোগ ওঠে। সরজমিন দেখা যায়- দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজ, দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেংরা স্কুল অ্যান্ড কলেজ, মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়, আলীপুর নূরানী একাডেমিসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের প্রধান পথ এটি। প্রতিদিন ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রীসহ স্থানীয় হাট-বাজার, উপজেলা ও জেলা শহরে যাতায়াতকারী অন্তত ১০ গ্রামের কয়েক হাজার মানুষ ঝুঁকি নিয়ে এই সেতু পার হন। আলীপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন আক্ষেপ করে বলেন, সেতু এখন উল্টো বিড়ম্বনার কারণ হয়েছে এবং স্টিলের মই বেয়ে সেতুতে উঠে এরপর আবার পাটাতন দিয়ে নিচে নামতে হচ্ছে। স্থানীয়রা জানান, নদী পারাপারের জন্য আগে এলাকার মানুষ রশি টানা খেয়া নৌকা ব্যবহার করতো এবং খেয়া নৌকায় মালপত্র, বাইসাইকেল ও মোটরসাইকেল সহজেই পার করা যেতো।
কিন্তু সেতু হওয়ার পর নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এখন অন্তত ২০ ফুট উচ্চতার পাটাতনের সিঁড়ি বেয়ে সেতুতে উঠতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পাঁচ বছর ধরে কাজ চললেও সংযোগ সড়ক করা হয়নি। ঠিকাদারের খামখেয়ালিপনায় ব্রিজের কাজ দীর্ঘদিন বন্ধ ছিল এবং কাজ বন্ধ না রাখলে আরও দুই বছর আগেই এর কাজ শেষ হতো। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ঠিকাদার শংকর বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, সেতুর কাজ শেষ। সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ ও স্থানীয় আব্দুল হামিদ মেম্বারের সঙ্গে সমন্বয় করে খাসিয়ামারা সেতুর দুইপাশের সংযোগ সড়কের মাটি ভরাট কাজের দায়িত্ব দেয়া হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে। সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, পাঁচ-ছয় মাস আগে খাসিয়ামারা সেতুর দুইপাশের সংযোগ সড়কের মাটি ভরাটের জন্য আমার মধ্যস্থতায় ঠিকাদারের সঙ্গে ইউপি সদস্য আব্দুল হামিদ ও স্থানীয় কয়েকজন লোকের ৯ লাখ টাকার একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ব্রিজের পূর্ব পাশে চার লাখ টাকার মাটি ভরাটের কাজ শেষ করলেও ঠিকাদার বিল পরিশোধ করতে সময় ক্ষেপণ করে।
এভাবে প্রায় পাঁচ মাস অতিবাহিত হওয়ার পর কিছুদিন আগে ঠিকাদার আংশিক বিল পরিশোধ করেন। এখন কাজের দায়িত্বে থাকা লোকজন ঠিকাদারের কাছে অগ্রিম দুই লাখ টাকার বিল দাবি করেছেন। এ বিষয়ে ঠিকাদারের সঙ্গে কোনো সুরহা না হওয়ায় কাজের দায়িত্বে থাকা লোকজন সেতুর পশ্চিম পাশের কাজ বন্ধ রেখেছেন। উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। ঠিকাদার জানিয়েছে স্থানীয়ভাবে যাদের মাটি ভরাট কাজের দায়িত্ব দেয়া হয়েছিল তারা অর্ধেক কাজ করেছে। তাদের সঙ্গে বনিবনা না হওয়ায় বাকি কাজ বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে তাগিদ দিয়েছি।
