এখন বর্ষা নেই, নেই বৃষ্টি। তবুও শুষ্ক মৌসুমেও কুড়িগ্রামের নাগেশ্বরীতে দেখা দিয়েছে দুধ কুমার নদের ভাঙন। উপজেলার নুখাওয়া ইউনিয়নের ২টি ওয়ার্ডের কাঠগিরি, হাজীপাড়া ও কলাবাগানসহ আশপাশের এলাকায় নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, বাজারসহ বিভিন্ন স্থাপনা। এ অবস্থায় ফসলি জমি ও বসতভিটাসহ শেষ সম্বল হারানোর শঙ্কায় দিশাহারা নদী পাড়ের কয়েকশ’ পরিবার। স্থানীয়রা জানান, গেল বর্ষা মৌসুমে দুধকুমারের ভাঙনে বসতভিটা হারিয়ে বাস্তুহারা হয়ে পড়ে ওই এলাকার অসংখ্য পরিবার। ভিটেমাটি হারিয়ে একটু আশ্রয়ের আশায় মাথা গোঁজেন বাঁধ কিংবা অন্যের জমিতে। তবুও ভাঙন যেন পিছু ছাড়ছে না তাদের। কাঠগিরি এলাকার ষাটোর্ধ্ব কমলা বেগম জানান, গেল বর্ষায় দুধ কুমার নদের ভাঙনে নদীতে তার বসতভিটা বিলীন হয়ে যায়। এরপর অন্যের জমিতে আবারো ঠাঁই নেন তিনি।
কিন্তু শুষ্ক মৌসুমেও যেভাবে নদীভাঙন শুরু হয়েছে এতে করে এই ঠাঁইটুকুও হারাতে হবে তাকে। এসব কথা বলতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন তিনি। কমলা বেগমের মতো এভাবে প্রতি বছর জমিজমা ও বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন অসংখ্য পরিবার। খোদেজা বেগম জানান, এ পর্যন্ত দুধকুমার নদের আগ্রাসনে তার বসতভিটা ৫-৬ বার নদীগর্ভে বিলীন হয়েছে। এক চর থেকে আরেক চরে বসতভিটা করে তিনি এখন নিঃস্ব।
নূর জামাল হোসেন জানান, বর্ষা মৌসুমে নদীভাঙনে এই এলাকার অনেক ফসলি জমি, সুপারি বাগান, বসতভিটাসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে চলে গেছে। কিন্তু একই অবস্থা শুরু হয়েছে শুষ্ক মৌসুমেও। তারা এর আগে পানি উন্নয়ন বোর্ডে বিষয়টি অবহিত করলেও কোনো প্রতিকার পাননি এমনকি মানববন্ধন করা হলেও কোনো কাজ হয়নি বলেও অভিযোগ করেন তিনি। এ অবস্থায় নদীপাড়ের মানুষদের দাবি, ত্রাণ নয়, স্থায়ী বাঁধ নির্মাণ হলে দুঃখ ঘুচবে তাদের। রক্ষা হবে বাপদাদার রেখে যাওয়া বসতভিটা। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
