ময়মনসিংহের তারাকান্দা আঞ্চলিক মহাসড়কের জনগুরুত্বপূর্ণ স্থানে গতিরোধক স্থানে (স্পিড ব্রেকার) না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছেন স্থানীয়রা। শেরপুর-হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কের যানবাহন ফুলপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত একই সড়কে চলাচল করে। শেরপুর হালুয়াঘাট সড়কের যানবাহনগুলো ফুলপুর থেকে ময়মনসিংহ যাতায়াতের ফলে তারাকান্দা উপজেলার দলির বাজার থেকে গোপালপুর বাজার পর্যন্ত যানবাহনের চাপ বেড়ে যায়। অপরদিকে মুন্সির হাট-ধোবাউড়া সড়কের যানবাহন তারাকান্দা উঠে ময়মনসিংহ চলাচল করে। জেলা-উপজেলার যানবাহনগুলো তারাকান্দার উপর দিয়ে যাতায়াত করায় গতিরোধক (স্পিড ব্রেকার) না থাকায় চালকরা বেপরোয়া ও দ্রুতগতিতে যানবাহন পরিচালনা করেন। ফলে ঘটছে দুর্ঘটনা।
সরজমিন ঘুরে দেখা গেছে, হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কের ফুলপুর হাসপাতালের সামনে, ইমাদপুর মোটরভাঙ্গা, ধলির বাজার, বাগুন্দা, কাকনী বাজার, গোযাতলা শসার বাজার, তালদীঘির মোড়, তারাকান্দা হাসপাতালসহ উপজেলা পরিষদ প্রাঙ্গণের বকশিমুল স্কুল ও গোপালপুর স্কুল জনগুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় প্রতিদিন ছাত্রছাত্রীসহ এলাবাবাসী সড়ক পারাপার হয়। কিন্তু এ সব গুরুত্বপূর্ণ স্থানে গতিরোধক নেই। ফলে এই স্থানগুলোতে প্রায়ই দুর্ঘটনাসহ হতাহতের ঘটনা ঘটছে। তাই এসব স্থানে গতিরোধক বা স্পিড ব্রেকার নির্মাণ করা জরুরি। এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
