লিবিয়ার একটি বন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই হামলায় অস্ত্র পরিবহনে ব্যবহৃত রাশিয়ার আরেকটি পণ্যবাহী জাহাজও আঘাতের শিকার হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রোববার লিবিয়ার বেনগাজি নৌঘাঁটিতে জ্বালানি ও রসদ নেয়ার জন্য ভিড়েছিল রুশ যুদ্ধজাহাজটি। রাশিয়ায় ফিরে যাওয়ার প্রস্তুতির মধ্যেই সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। পূর্ব লিবিয়ার নিয়ন্ত্রণকারী সরকার রোববার সকালে জাহাজটিতে বিস্ফোরণের খবর জানায়।
সোমবার এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের জবাবে এটি ছিল ইউক্রেনের একটি ‘অনুকরণীয় অভিযান’। তার দাবি, সাতটি নৌ-ড্রোন ব্যবহার করে রাশিয়ার নতুন যুদ্ধজাহাজগুলোর একটি করভেট ‘মেরকুরি’কে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় জাহাজটি ডুবে গেছে। এ ছাড়া রাশিয়ার একটি কেএ-২৭ সামরিক হেলিকপ্টারও ধ্বংস হয়েছে।
জেলেনস্কি আরও দাবি করেন, হামলার সময় রাশিয়ার কনটেইনারবাহী জাহাজ এমভি আঙ্গারা আঘাতের শিকার হয়। তার ভাষ্য, জাহাজটি অস্ত্র পরিবহনে ব্যবহার করা হচ্ছিল।
তবে হামলায় ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক জাহাজটির পরিচয় নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বন্দরের উপকূলে হামলার শিকার একটি বাণিজ্যিক জাহাজ থেকে আহত ব্যক্তিদের হাসপাতালে নেয়া হয়েছে। এটি ইউক্রেনের দাবি করা এমভি আঙ্গারা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
স্যাটেলাইট ছবিতে জাহাজ ডোবার চিত্র
বিবিসি ভেরিফাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওর ভৌগোলিক অবস্থান যাচাই করে জানিয়েছে, সকালে হামলার শিকার জাহাজটিতে আগুন ও ধোঁয়া দেখা গেছে। প্ল্যানেট ল্যাবস পিবিসির স্যাটেলাইট ছবিতেও গ্রিনিচ মান সময় ৫টা ৪৭ মিনিটে বেনগাজি বন্দরে একটি জাহাজে আগুন জ্বলতে দেখা যায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক গোয়েন্দা প্রতিষ্ঠান ভ্যান্টর উচ্চ রেজল্যুশনের ছবি সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, শনিবার বন্দরে রাশিয়ার প্রজেক্ট ২০৩৮০ স্টেরেগুশ্চি-শ্রেণির করভেট মেরকুরিকে নোঙর করা অবস্থায় দেখা যায়। রোববারের ছবিতে জাহাজটির অধিকাংশ অংশ উল্টে ডুবে যেতে দেখা গেছে।
