৮৪ দিনে ৪ শিরোপা, অবিশ্বাস্য প্রত্যাবর্তন আলকারাজের

৮৪ দিনে ৪ শিরোপা, অবিশ্বাস্য প্রত্যাবর্তন আলকারাজের

ফন্ট সাইজ:

কব্জির চোটে চার মাস কোর্টের বাইরে। এরপর মাত্র ৮৪ দিনের ব্যবধানে চারটি শিরোপা জয়। ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করার পর এবার মৌসুমের শেষ টুর্নামেন্ট এটিপি ফাইনালস জিতে নতুন ইতিহাস গড়লেন স্পেনের কার্লোস আলকারাজ। টেনিসে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ২৩ বছর বয়সী এই তারকা।

জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করেন আলকারাজ। আর মৌসুমের শেষদিকে ইতালির তুরিনে জার্মানির আলেকজান্ডার জভেরেভকে হারিয়ে প্রথমবারের মতো জিতলেন এটিপি ফাইনালসের শিরোপা। তবে এই সাফল্যের পথটা মোটেও সহজ ছিল না তার জন্য। কব্জির চোটে বছরের প্রায় চার মাস টেনিস থেকে দূরে থাকতে হয় আলকারাজকে। মিস করেন ক্লে কোর্ট মৌসুমের বড় অংশ এবং পুরো ঘাসের কোর্টের মৌসুম। ৮৪ দিন আগে ইউএস ওপেন দিয়ে কোর্টে ফিরলেও শুরুতে ছিল ম্যাচ ফিটনেসের ঘাটতি। কোয়ার্টার ফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে বেন শেলটনের কাছে হারতে হয় তাকে।

সেই ধাক্কার পর খেলা ২২ ম্যাচের ২১টিতেই জয় পেয়েছেন আলকারাজ। অংশ নেয়া পাঁচ টুর্নামেন্টের চারটিতেই শিরোপা জিতেছেন। ভিয়েনা ও প্যারিস মাস্টার্সের পর এবার এটিপি ফাইনালস—টানা তিন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন তিনি। এ জয়ে নতুন ইতিহাসও গড়েছেন স্প্যানিশ তারকা।

পুরুষ টেনিসে চতুর্থ খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্লাম এবং মৌসুমের শেষের এটিপি ফাইনালস—দুই অর্জনই নিজের করে নিয়েছেন তিনি।
নিজের মানসিক পরিপক্বতার পেছনে চোটের সময়টাকেই কৃতিত্ব দিচ্ছেন আলকারাজ। তিনি বলেন, ‘চোট আমাকে বুঝিয়েছে, জীবনে আসলে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। বিষয়টি শুধু জেতা নয়, টেনিস খেলতে পারাটাই সবচেয়ে বড় প্রাপ্তি। সুস্থ অবস্থায় কোর্টে নামতে পারা প্রতিবারই একটি উপহার।’ আলকারাজ আরও বলেন, ‘এখন কোর্টে আমি নিজেকে আরও পরিণত মনে করি। কঠিন পরিস্থিতি ও চাপের মুহূর্তগুলোও আগের চেয়ে ভিন্নভাবে সামলাতে পারি।’

শিরোপা জয়ের পর দাদার শেখানো তিনটি শব্দের কথা স্মরণ করেছেন আলকারাজ—‘কাবেজা, কোরাসন, কোহোনেস’। অর্থাৎ মাথা, হৃদয় ও সাহস। তিনি বলেন, ‘আজ আমাকে মাথা, হৃদয় ও সাহস—এই তিনটি বিষয়ই কোর্টে দিতে হয়েছে। অনেক দিন এই ট্রফি জয়ের অপেক্ষা করেছি। এটি আমার কাছে পুরো পৃথিবীর সমান।’