বল টেম্পারিংয়ের বিষয়ে ‘মাঠে সবাই জানতো’, দাবি ডি ভিলিয়ার্সের

বল টেম্পারিংয়ের বিষয়ে ‘মাঠে সবাই জানতো’, দাবি ডি ভিলিয়ার্সের

ফন্ট সাইজ:

২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন এবি ডি ভিলিয়ার্স। তার দাবি, মাঠে যা ঘটেছিল, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না; বরং আগে থেকেই অবৈধ কিছু করার পরিকল্পিত সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সাবেক প্রোটিয়া ব্যাটার বলেন, ‘মাঠে থাকা প্রত্যেকেই যে বিষয়টি জানতো, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই।’

নিজের পডকাস্টে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার দাবি করেন, অস্ট্রেলিয়ার বল টেম্পারিংয়ের শুরু কেপটাউনে নয়, বরং ডারবান টেস্টেই। কিংসমিডে প্রথম টেস্টে অস্বাভাবিক দ্রুত রিভার্স সুইং পাওয়া যাচ্ছিল অস্ট্রেলিয়ার বলে। তার মতে, ডারবানের পরিচিত কন্ডিশনে এমন ঘটনা স্বাভাবিক ছিল না।

ডি ভিলিয়ার্স বলেন, ‘ডারবান থেকেই শুরু হয়েছিল, পোর্ট এলিজাবেথ থেকে নয়। বল যেভাবে রিভার্স সুইং করছিল, তা ছিল অত্যন্ত সন্দেহজনক। কিংসমিডে আমি অনেক ক্রিকেট খেলেছি। এত দ্রুত বল রিভার্স সুইং করার কথা নয়।’

তবে ডারবানে ঠিক কী উপায়ে বল বিকৃত করা হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট প্রমাণ দেননি তিনি। অন্যদিকে, অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ক্যামেরন ব্যানক্রফট দাবি করেছেন, ডারবানে স্যান্ডপেপার ব্যবহার করা হয়নি। পোর্ট এলিজাবেথ টেস্টেই বল বিকৃতির ঘটনায় তিনি সরাসরি জড়িয়ে পড়েন।

ডি ভিলিয়ার্সের মতে, আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু স্যান্ডপেপার থাকাটা মূল ঘটনা থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে। তার প্রশ্ন, বল বিকৃতিতে কোন বস্তু ব্যবহার করা হয়েছিল, সেটিই কেন সবচেয়ে বড় আলোচনার বিষয় হবে?

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তৎকালীন শাস্তিরও সমালোচনা করেন ডি ভিলিয়ার্স। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফটের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে ‘একেবারেই অযৌক্তিক’ বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, বিতর্কের পূর্ণাঙ্গ চিত্র সামনে আনতে স্বাধীন ফোরাম গঠনের উদ্যোগ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ২০১৮ সালের সেই সফরের সব সদস্য এই প্রক্রিয়ায় অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।