আশুলিয়ায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ

আশুলিয়ায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ

ফন্ট সাইজ:

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩জন শ্রমিক আহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। আহত শ্রমিকরা হলেন-সিরাতুব, রেখা ও সুইটি। তারা সকলেই ‘নিউ এইজ গ্রুপের’ কর্মী। তাদের আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে এদিন সকালে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় সব কারখানার শ্রমিকেরাই নির্ধারিত সময়ে কাজে যোগ দেন এবং কার্ড পাঞ্চ করে হাজিরা নিশ্চিত করেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের বিক্ষোভের মুখে আশুলিয়া শিল্পাঞ্চলের ২১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আরও তিনটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে উৎপাদন বন্ধ রেখেছেন।

এছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় আগে থেকেই ওই এলাকার ২২টি কারখানা বন্ধ রয়েছে বলেও জানান তিনি।