আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদালত অবমাননার (কনটেম্পট) অভিযোগের শুনানিতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার পর অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শুনানিতে ভবিষ্যতে বিচার বিভাগ ও ট্রাইব্যুনাল নিয়ে কথা বলার ক্ষেত্রে শব্দ চয়নে আরও সতর্ক থাকতে তাকে পরামর্শ দিয়েছেন আদালত।
সোমবার ট্রাইব্যুনাল-১ এ এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম।
ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য শুনানি শেষে ব্যারিস্টার ফুয়াদ জানান, গত ২৮ অক্টোবর প্রেস ক্লাবে দেয়া তার ২০ মিনিটের একটি বক্তব্যের অংশবিশেষের ব্যাখ্যা দিতে গত ১ নভেম্বর ট্রাইব্যুনাল-১ থেকে চিঠি দিয়ে তাকে তলব করা হয়েছিল। অসুস্থতার কারণে গত ৪ নভেম্বর তিনি হাজির হতে না পারায় তার আইনজীবীরা সময় নিয়েছিলেন। আজ নির্ধারিত দিনে তিনি সশরীরে হাজির হয়ে নিজের ব্যাখ্যা উপস্থাপন করেন। শুনানিতে তাকে আইনি সহায়তা দেন ব্যারিস্টার জুবায়ের, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, অ্যাডভোকেট মতিয়ার রহমান, অ্যাডভোকেট নাহিদ ও ব্যারিস্টার সামি আব্দুল হক।
ফুয়াদ বলেন, "আমার ২০ মিনিটের বক্তব্যের মূল বিষয় ছিল সংস্কার। জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার কোন কোন খাতে সংস্কার থেকে পিছিয়ে আসছে, তা নিয়ে আমি সেক্টর ধরে ধরে সমালোচনা করছিলাম। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় তৈরি হওয়া সুপ্রিম কোর্ট সচিবালয় এবং হাইকোর্টে বিচারক নিয়োগ নীতিমালা বর্তমান সরকার পার্লামেন্টে র্যাটিফাই (অনুমোদন) না করার বিষয়টি তুলে ধরেছিলাম। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে ক্রসফায়ার ব্যবহারের বিষয়ে আইজিপির বক্তব্যের প্রসঙ্গও ছিল।"
গণমাধ্যমের শিরোনামের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, "গণমাধ্যমে শিরোনাম হয়েছে যে আমি বলেছি 'আইসিটি ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে'। কিন্তু আমি এক বাক্যে এই কথা বলিনি। আমি 'এখানে' শব্দটি ব্যবহার করেছিলাম। 'এখানে' বলতে আমি শুধু ট্রাইব্যুনালের কোর্টরুমকে নয়, বরং পুরো বিচারিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান—ট্রাইব্যুনাল প্রশাসন, প্রসিকিউশন, তদন্ত সংস্থা, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়, ফান্ডিংয়ের সঙ্গে জড়িত বিভিন্ন ডিপার্টমেন্ট এবং সুপ্রিম কোর্টসহ সামগ্রিক ব্যবস্থাকে বুঝিয়েছিলাম। গণমাধ্যমের ক্যাচি বা প্রভোকেটিভ হেডলাইনের দায় তো আমি নিতে পারব না। তবে আমাকে কোট করলে শতভাগ সঠিকভাবে কোট করা গণমাধ্যমের দায়িত্ব।"
আদালতের মনোভাব সম্পর্কে ফুয়াদ জানান, বিচারকরা তার প্রতি অত্যন্ত সম্মানজনক আচরণ করেছেন। আদালত তাকে উপদেশমূলকভাবে বলেছেন যে, তিনি একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তি এবং মানুষ তার কথা শোনে। তাই শব্দ চয়নে সতর্ক না থাকলে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা কমে যাবে।
এ ছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির সাক্ষাৎকার এবং টিআইবির প্রতিবেদনের বরাতে বিচার বিভাগকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে যেভাবে সাধারণীকরণ (জেনারালাইজ) করা হয়, সেই ফ্রেমিংকেও আদালত সঠিক মনে করেন না। আদালত অভিযোগের ক্ষেত্রে সুনির্দিষ্ট হওয়ার অনুরোধ জানিয়েছেন।
ফুয়াদ বলেন, "আমি নিজেও এই বিচারিক ফ্র্যাটার্নিটির অংশ এবং একজন আইনজীবী। বিচার বিভাগ ও ট্রাইব্যুনালের প্রতি আমার সম্মান অক্ষুণ্ণ আছে। ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে আমি অবশ্যই আরও সতর্ক থাকব। আমার ব্যাখ্যায় বিচারকরা সন্তুষ্ট হয়ে বিষয়টি খারিজ (ডিসপোজ) করে দিয়েছেন।"
পলাতক আসামিদের বিচার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পলাতক আসামিদের বিচার দ্রুত এগোলেও গ্রেপ্তারকৃতদের ক্ষেত্রে আইনজীবী নিয়োগ, সাক্ষী উপস্থাপন ও অন্তর্বর্তীকালীন আবেদনের কারণে যৌক্তিকভাবেই সময় বেশি লাগছে। তবে দুই-আড়াই বছর পার হয়ে যাওয়ায় শহীদ ও ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে প্রচণ্ড হতাশা রয়েছে এবং আমরা ভুক্তভোগী পরিবারের অবস্থানেই আছি। এ ছাড়া প্রতিদিন তাকে নিয়ে সামাজিক মাধ্যমে শত শত মিথ্যা ফটোকার্ড তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিবিদদের চামড়া গন্ডারের মতো হয়ে গেছে, সবকিছুর প্রতিবাদ করতে গেলে অন্য কোনো কাজ করা সম্ভব নয়। তবে সংবিধান ও সংস্কারের প্রয়োজনে কথা বলে যাবেন বলেও তিনি জানান।
অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম সাংবাদিকদের জানান, এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) আদালত অবমাননার নোটিশ জারি করেছিলেন ট্রাইব্যুনাল।
প্রসিকিউটর তামীম বলেন, "উনি ট্রাইব্যুনালে এসে ব্যাখ্যা দিয়ে বলেছেন, ওই বক্তব্য দিয়ে তিনি এই ট্রাইব্যুনাল বা এর বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চাননি এবং এটি ছিল তার 'স্লিপ অব টাং' (মুখ ফসকে বলা)। তিনি জুলাই গণ-অভ্যুত্থান এবং গত ১৫ বছরের ফ্যাসিস্ট আমলের গুম-খুনের বিচারের পক্ষে আছেন এবং ভবিষ্যতে ট্রাইব্যুনালের বিচারকাজে সব ধরনের সহায়তা করবেন। তিনি তার বক্তব্যের জন্য অনুতপ্ত হয়েছেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার কথা বলেছেন।"
ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ তুলে ধরে তামীম বলেন, "আদালত তাকে উদ্দেশ্য করে বলেছেন, একটি প্রতিষ্ঠান গড়া খুব কঠিন কাজ, কিন্তু একটি কথার মাধ্যমে প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা নষ্ট করা খুব সহজ। উনার মতো ব্যক্তির কথায় যেন মানুষের আস্থা নষ্ট না হয় এবং বিচার বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।"
আদালত অবমাননার নোটিশ জারির ক্ষেত্রে ট্রাইব্যুনাল কোনো বাছবিচার করছে না উল্লেখ করে এই প্রসিকিউটর বলেন, "এর আগে জেড আই খান পান্নাসহ আওয়ামী লীগের দুজন আইনজীবীকেও ট্রাইব্যুনাল তলব করেছিলেন। আওয়ামী লীগের আইনজীবীদের ডাকা হয়েছিল প্রসিকিউশনের আবেদনে, আর ফুয়াদ সাহেবকে ডাকা হয়েছে ট্রাইব্যুনালের সুয়োমোটো আদেশে। এতে প্রমাণ হয়, জুলাইয়ের স্টেকহোল্ডাররাও যদি ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন তোলেন, তবে ট্রাইব্যুনাল আরও সচেতনভাবে ব্যবস্থা নেন। তবে পুনর্গঠিত এই ট্রাইব্যুনালে এখন পর্যন্ত যারা সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছেন বা ক্ষমা চেয়েছেন, তাদের কাউকেই কোনো শাস্তি দেওয়া হয়নি।"
