এসএসসি’র ফলাফল জালিয়াতি, গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এক পরীক্ষার্থীর ১১টি বিষয়ে মূল উত্তরপত্রে প্রাপ্ত নম্বর পরিবর্তন করে প্রকাশিত ফলাফলে অস্বাভাবিকভাবে বেশি নম্বর দেখানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ফরহাদুল ইসলাম (২৯), শাহিদুল আলম জিসান (২৭) ও মো. আব্দুল মালেক (৫৬)। এ সময় জালিয়াতির কাজে ব্যবহৃত কম্পিউটার, ওএমআর শিট, মোবাইল ফোন, মূল পরীক্ষার উত্তরপত্রসহ গুরুত্বপূর্ণ ৪৮০ পাতা নথিপত্র জব্দ করা হয়েছে। গতকাল সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এসব তথ্য জানান।

তিনি বলেন, এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত ও প্রকাশের প্রক্রিয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এক পরীক্ষার্থীর নম্বর জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করা হয়। ওই পরীক্ষার্থীর মূল উত্তরপত্রে প্রাপ্ত নম্বর, ই-টাইপে সংরক্ষিত নম্বর এবং প্রকাশিত কম্পিউটার ফলাফলের মধ্যে ব্যাপক অসঙ্গতি পাওয়া যায়।

তদন্তে দেখা যায়, বাংলা প্রথম পত্রে মূল নম্বর ২৩ থাকলেও প্রকাশিত ফলাফলে দেখানো হয়েছে ৩৩। বাংলা দ্বিতীয় পত্রে ২৪-এর পরিবর্তে ৬২, ইংরেজি প্রথম পত্রে ৩৩-এর পরিবর্তে ৮৩, ইংরেজি দ্বিতীয় পত্রে ২০-এর পরিবর্তে ৮২ এবং গণিতে ৯-এর পরিবর্তে ৬৬ নম্বর দেখানো হয়। এ ছাড়া ইসলাম শিক্ষায় ৭-এর পরিবর্তে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫, রসায়নে ১-এর পরিবর্তে ৪৬, জীববিজ্ঞানে ১-এর পরিবর্তে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর পরিবর্তে ৬৫ নম্বর প্রদর্শন করা হয়। এভাবে ১১টি বিষয়ে মূল মূল্যায়নের তুলনায় প্রকাশিত ফলাফলে অস্বাভাবিকভাবে বেশি নম্বর দেখিয়ে পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি মূল উত্তরপত্র, নম্বরপত্র, ই-টাইপে সংরক্ষিত তথ্য এবং প্রকাশিত কম্পিউটার ফলাফল পর্যালোচনা করে জালিয়াতির প্রমাণ পায়। পরে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ফলাফল স্থগিত করা হয় এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। পরীক্ষার্থীর পক্ষ থেকে জবাব দেয়া হলেও তা সন্তোষজনক না হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ড। বোর্ড কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে গত ২৯শে অক্টোবর পাঁচলাইশ থানায় একটি মামলা করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণের গুরুত্বপূর্ণ কারিগরি কার্যক্রম স্ক্যানিং ও সলভিং কয়েকজন ব্যক্তির তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছিল। অভিযোগ রয়েছে, তাদের জ্ঞাতসারে ও সার্বিক তত্ত্বাবধানেই সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ফলাফল জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করা হয়।

মামলার তদন্তভার গ্রহণের পর সিআইডি শিক্ষা বোর্ডের তদন্ত প্রতিবেদন, পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণের কারিগরি তথ্য-উপাত্ত, সংশ্লিষ্ট নথিপত্র এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের ভূমিকা বিশ্লেষণ করে। এরই ধারাবাহিকতায় তিনজনকে গ্রেপ্তার ও গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়।

সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে এ জালিয়াতির সঙ্গে জড়িত অন্য ব্যক্তি, সহযোগী এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। ফলাফল প্রস্তুত ও প্রকাশের কারিগরি প্রক্রিয়ায় কীভাবে জালিয়াতি সংঘটিত হয়েছে, কারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত এবং এ ঘটনায় অন্য কেউ অবৈধ সুবিধা নিয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।