মেয়াদ শেষ হওয়ার আগে গঙ্গার পানি বণ্টন চুক্তির বাস্তবায়ন সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। রোববার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন ৯১তম বৈঠকে এই প্রতিবেদন চূড়ান্ত হয়। কর্মকর্তারা জানান, ৩০ বছর মেয়াদি চলমান গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে এটিই শেষ সভা। নতুন চুক্তি কিংবা বর্তমান চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই চলতি বছরের তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হলো।
যৌথ নদী কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে ২০২৬ সালে গঙ্গার পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ দলের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র। ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি সই হয়। চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণে এর ৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দুই দেশের যৌথ নদী কমিশনের সদস্যদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। ১৯৯৭ সাল থেকে কমিটি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ করে আসছে।
ফারাক্কা ও হার্ডিঞ্জ সেতু পয়েন্টে যৌথ পর্যবেক্ষণ দল মোতায়েন করা হয়। তাদের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি প্রতিবছর বার্ষিক প্রতিবেদন তৈরি করে কমিটি। এ জন্য প্রতিবছর তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়। এর মধ্যে ফারাক্কা পরিদর্শন শেষে একটি বৈঠক কলকাতায় এবং হার্ডিঞ্জ সেতু এলাকায় গঙ্গা-পদ্মা নদী পরিদর্শন শেষে আরেকটি বৈঠক ঢাকায় হয়। চলতি বছর যৌথ কমিটির প্রথম বৈঠক ৮ই এপ্রিল ঢাকায় এবং দ্বিতীয় বৈঠক ২২শে মে কলকাতায় অনুষ্ঠিত হয়। ১৯৯৭ সাল থেকে এর আগ পর্যন্ত বাংলাদেশ ও ভারতে যৌথ কমিটির ৯০টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকালের বৈঠকটি ছিল ৯১তম।
১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১লা জানুয়ারি থেকে ৩১শে মে পর্যন্ত ফারাক্কা পয়েন্টে দুই দেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন করা হয়। ৪০ বছরের গড় পানিপ্রবাহের ভিত্তিতে দুই দেশের হিস্যা নির্ধারিত হয়। সংকটের সময় বাংলাদেশকে ৩৫ হাজার কিউসেক পানি সরবরাহের নিশ্চয়তাও রয়েছে চুক্তিতে। আগামী ১২ই ডিসেম্বর চুক্তিটির ৩০ বছর মেয়াদ পূর্ণ হচ্ছে।
