ভুয়া সনদ ও অর্থের বিনিময়ে প্রশিক্ষণবিহীন নির্বাচনী ডিউটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগে ৩৩০ জন আনসার সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে অভিযুক্ত আনসার সদস্যদের ওয়ার্ড দলনেতা মামুনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রাজধানীর হাতিরঝিল এলাকায় এ ঘটানা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা আশিকউজ্জামান। তিনি বলেন, সাম্প্রতিক হাতিরঝিল থানার ২২ নম্বর ওয়ার্ডের টিডিপি দলনেতা মামুন জনপ্রতি ৪০০ টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে প্রশিক্ষণবিহীন ৩৩০ জনকে নির্বাচনী ডিউটিতে অন্তর্ভুক্ত করেন এবং পরবর্তীতে দায়িত্ব দেয়ার নামে জনপ্রতি ১১০০ টাকা হারে উৎকোচ গ্রহণের তথ্য পাওয়া যায়। বিষয়টি উদ্ঘাটনের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে অভিযুক্ত ওয়ার্ড দলনেতা মামুন এই কর্মকাণ্ডের পর হতে পলাতক রয়েছেন। থানায় জিডি করা হয়েছে এবং দৃষ্টান্তমূলক আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও স্বচ্ছতা নিশ্চিত করতে আধুনিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। সংশোধিত সিলেবাস অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, প্রশিক্ষণার্থী বাছাইয়ে তারুণ্য ও দক্ষতাকে অগ্রাধিকার প্রদান এবং সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে কেবল প্রকৃত ও বৈধ সনদধারীদের দায়িত্বে নিয়োজিত করা হচ্ছে। পাশাপাশি জাল সনদ শনাক্তকরণ, অনিয়ম প্রতিরোধ ও ঘুষ বাণিজ্য নির্মূলে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।
টাকার বিনিময়ে প্রশিক্ষণ ছাড়া ডিউটিতে নিয়োগ
৩৩০ আনসার সদস্যকে অব্যাহতি
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬, ৯ঃ১০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
