এআইয়ের সাহায্যে নকল করে প্রথম স্থান অর্জনের স্বীকারোক্তি, দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

এআইয়ের সাহায্যে নকল করে প্রথম স্থান অর্জনের স্বীকারোক্তি, দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

ফন্ট সাইজ:

দক্ষিণ কোরিয়ায় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে নকলের স্বীকারোক্তি দেন এক ব্যক্তি। তিনি একটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন। এরই জেরে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। আজ রোববার তিনি পদত্যাগ করেন। প্রেসিডেন্ট লি জে মিয়ুং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানায় প্রেসিডেন্টের কার্যালয়। গত রোববার জাতীয় কর হিসাবরক্ষক পরীক্ষায় শীর্ষ স্থান অর্জনকারী ওই ব্যক্তি স্বীকার করেন, প্রায় পূর্ণ নম্বর পেতে তিনি ক্ষুদ্র ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করেছেন।

বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষা ‘সুনুং’ শুরুর মাত্র চার দিন আগে এই স্বীকারোক্তির পর দেশজুড়ে এআই-নির্ভর নকলের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর কর্মকর্তারা তড়িঘড়ি করে পরীক্ষাকেন্দ্রগুলোতে পাবলিক ওয়াইফাই বন্ধ করাসহ নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নেন। তবে শিক্ষামন্ত্রী চোই জনগণকে আশ্বস্ত করতে ব্যর্থ হন এবং শিক্ষক ইউনিয়নগুলো সরকারের পদক্ষেপকে বিলম্বিত বলে সমালোচনা করে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।

এক্সে দেয়া এক পোস্টে চোই জানান, কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আগে থেকে পর্যাপ্ত প্রস্তুতি নিতে না পারার যে জনসমালোচনা তৈরি হয়েছে, তার দায় তিনি এড়াতে পারেন না। পরীক্ষা শেষ হওয়ায় সম্পূর্ণ দায়ভার কাঁধে নিয়ে তিনি পদত্যাগ করছেন বলে জানান। এর আগে সোমবার এক সংসদীয় শুনানিতে ৭২ বছর বয়সী চোইয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল, পরীক্ষার দিন নকলকারীদের ধরতে কর্তৃপক্ষ সক্ষম হবে কিনা। জবাবে তিনি জানান, বয়সের কারণে তিনি এ বিষয়ে নিশ্চিত নন। তার এই মন্তব্যে ব্যাপক জনরোষ সৃষ্টি হয়।