পুরোনো কোনো পরিচিত গানের কয়েকটি লাইনই ফিরিয়ে আনতে পারে স্মৃতি। মুহূর্তের মধ্যে চোখের সামনে ভেসে উঠতে পারে স্কুলের সেই জিমনেশিয়াম, কিংবা জীবনসঙ্গীর সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতি। কোনো গান মুহূর্তেই মন খারাপ থেকে ভালো করে দিতে পারে। আবার আনন্দের মুহূর্তকেও বিষণ্ণতায় রূপ দিতে পারে। তবে সংগীতের কাজ শুধু মানুষের মেজাজ পরিবর্তন করাই নয়। ক্রমবর্ধমান গবেষণায় দেখা যাচ্ছে, উদ্বেগ ও বিষণ্ণতা থেকে শুরু করে হৃদ্রোগসহ নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা মোকাবিলায় সংগীত সহায়ক হতে পারে। তাই পরবর্তী সময়ে পছন্দের গান দিয়ে প্লেলিস্ট সাজানোর সময় মনে রাখবেন, শুধু আপনার মন ভালো হওয়ার বিষয়টিই নয়, আরও অনেক কিছু উপকৃত হতে পারে প্রিয় গানগুলো থেকে।
স্বাস্থ্যের ওপর সংগীতের মানসিক ও শারীরিক উপকারিতা
সংগীতের প্রভাব নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে উদ্বেগের ওপর এর কার্যকারিতা নিয়ে। ২০২৫ সালে ইক্লিনিক্যাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত ৫১টি গবেষণার পর্যালোচনায় ৩ হাজারের বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, উদ্বেগ কমাতে সংগীত কার্যকর ভূমিকা রাখতে পারে। ফলে প্রচলিত চিকিৎসার পাশাপাশি উদ্বেগ মোকাবিলায় সংগীত একটি মূল্যবান সংযোজন হতে পারে। বিষণ্ণতা কমাতেও সংগীতের উপকারিতা প্রমাণিত। কোকরেন ডাটাবেজ অব সিস্টেমেটিক রিভিউস-এ প্রকাশিত ৯টি গবেষণার পর্যালোচনায় ৪০০-এর বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা গেছে, প্রচলিত চিকিৎসার সঙ্গে সংগীত থেরাপি যুক্ত হলে তা বিষণ্ণতা থেকে সাময়িক স্বস্তি দিতে পারে।
তবে সংগীতের প্রভাব শুধু মনের অবস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়। হৃদ্স্বাস্থ্যের ওপর সংগীতের প্রভাব নিয়েও বেশ কিছু আকর্ষণীয় গবেষণা হয়েছে। চলতি বছরের শুরুতে জার্নাল অব দ্য আমেরিকান কলেজ অব কার্ডিওলজিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, হৃদ্রোগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (কার্ডিয়াক আইসিইউ) থাকা রোগীদের হৃদ্স্পন্দন, রক্তচাপ এবং শারীরিক চাপের অন্যান্য সূচক উন্নত করতে পারে সংগীত। তবে এ ক্ষেত্রে সংগীতের ধরন গুরুত্বপূর্ণ হতে পারে। ডয়েচেস আর্জটেব্লাট ইন্টারন্যাশনালে প্রকাশিত একটি ছোট পরিসরের গবেষণায় দেখা গেছে, মোৎসার্ট ও শ্ট্রাউসের সংগীত শোনার ফলে অংশগ্রহণকারীদের রক্তচাপ ও হৃদ্স্পন্দন কমেছে। তবে এবিবিএর গান শোনার ক্ষেত্রে এমন প্রভাব দেখা যায়নি। অন্যদিকে, সংগীতের প্রতি হৃদ্যন্ত্রের প্রতিক্রিয়ার ক্ষেত্রে মানুষের মানসিক অবস্থা ও সংগীতের পছন্দও গুরুত্বপূর্ণ- এমন প্রমাণ পাওয়া গেছে অন্তত কিছু গবেষণায়।
মোৎসার্টের সংগীত হৃদ্যন্ত্রের জন্য উপকারী হওয়ার বাইরেও আরও কিছু সুফল দিতে পারে। ক্রমবর্ধমান গবেষণায় দেখা যাচ্ছে, বিশেষ করে মোৎসার্টের সোনাটা শুনলে শিশু ও প্রাপ্তবয়স্কদের খিঁচুনির প্রবণতা কমতে পারে। এপিলেপসি অ্যান্ড বিহেভিয়ার এবং সায়েন্টিফিক রিপোর্টস-এ প্রকাশিত কয়েকটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষকদের ধারণা, মোৎসার্টের সংগীতে থাকা অত্যন্ত সুশৃঙ্খল সুরের বিন্যাসের কারণে মস্তিষ্কের নিউরনগুলো আরও স্থিতিশীল ও সংগঠিতভাবে সক্রিয় হতে পারে। অন্য গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে, শুধু মোৎসার্ট নয়, সংগীত সামগ্রিকভাবে জিনের কার্যক্রম নিয়ন্ত্রণেও প্রভাব ফেলতে পারে। এমনকি ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে। অক্সজার্নাল এবং এপিজেনেটিকস-এ প্রকাশিত গবেষণায় এসব সম্ভাবনার কথা বলা হয়েছে।
তবে আশাব্যঞ্জক এসব গবেষণার অধিকাংশই ছোট পরিসরের এবং প্রাথমিক পর্যায়ের। চিকিৎসার অংশ হিসেবে সংগীতের ব্যবহার নিয়ে গবেষণার ক্ষেত্রটি এখনো নতুন। কিন্তু অন্তত একটি ক্ষেত্রে গবেষণার প্রমাণ বেশ শক্তিশালী। আর সেখানে চিকিৎসার মাধ্যম হিসেবে সংগীত ইতিমধ্যে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে।
চলাফেরার সক্ষমতা বাড়াতে যেভাবে সাহায্য করে সংগীত
টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষক মাইকেল থাউট স্নায়বিক সংগীত থেরাপির একজন পথিকৃৎ। তিনি ও তার গবেষণাগারের দল মস্তিষ্ক কীভাবে সংগীত প্রক্রিয়াজাত করে এবং সেই প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান কীভাবে পারকিনসন রোগের মতো স্নায়বিক সমস্যায় আক্রান্ত ব্যক্তি কিংবা স্ট্রোক থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের সাহায্যে কাজে লাগানো যায়, তা নিয়ে গবেষণা করেন। এই পদ্ধতির অন্যতম ভিত্তি হলো ‘এনট্রেইনমেন্ট’ বা ছন্দের সঙ্গে সামঞ্জস্য তৈরি হওয়া। এনট্রেইনমেন্ট হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে ছন্দময়ভাবে ঘটতে থাকা কোনো বিষয় ধীরে ধীরে অন্য একটি ছন্দের সঙ্গে তাল মিলিয়ে চলে। এর একটি পরিচিত উদাহরণ হলো দোলকের দোলন। একটি টেবিলের ওপর দুটি দোলক রাখলে সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো একই কম্পাঙ্কে দুলতে শুরু করে। মস্তিষ্কের শ্রবণব্যবস্থা ও চলনব্যবস্থার মধ্যেও এ ধরনের ছন্দের সামঞ্জস্য তৈরি হতে পারে। থাউট ডিসকভার সাময়িকীকে বলেন, ‘নিউরনগুলো একধরনের দোলনপ্রক্রিয়ায়, অর্থাৎ চক্রাকার ছন্দে সক্রিয় হয়।’
মস্তিষ্কের এই বৈশিষ্ট্য কাজে লাগিয়ে থেরাপিস্টরা ছন্দের মাধ্যমে সামঞ্জস্য তৈরির কৌশল ব্যবহার করেন। এর সাহায্যে পারকিনসন রোগে আক্রান্ত ব্যক্তি কিংবা স্ট্রোক থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের আরও স্বাভাবিক ও সাবলীলভাবে হাঁটতে শেখানো হয়। উদাহরণ হিসেবে বলা যায়, স্ট্রোকে আক্রান্ত কোনো ব্যক্তির দুর্বল পা শক্তিশালী পায়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না। কিন্তু সংগীতের তালে হাঁটতে শুরু করলে মস্তিষ্ক পরবর্তী বিট বা ছন্দের জন্য আগাম প্রস্তুতি নেয়। ফলে দুর্বল পা-টিও ধীরে ধীরে সেই ছন্দের সঙ্গে তাল মেলাতে শুরু করে। এতে রোগী আগের তুলনায় স্বাভাবিকভাবে হাঁটতে পারেন। থাউট বলেন, ধরা যাক, ছন্দময় শ্রবণ উদ্দীপনার গতি মিনিটে ৬০ বিট। স্ট্রোকে আক্রান্ত রোগীর হাঁটার ছন্দ বা পদক্ষেপের কম্পাঙ্ক ধীরে ধীরে বাইরের এই সংবেদনশীল ছন্দের সঙ্গে সামঞ্জস্য তৈরি করবে। ফলে তিনি প্রতি মিনিটে ৬০টি পদক্ষেপ ফেলতে শুরু করবেন।
তিনি আরও বলেন, মূলত এটি একটি শারীরবৃত্তীয় সংযোগপ্রক্রিয়া। শ্রবণব্যবস্থা ও চলনব্যবস্থা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। কোনো শ্রবণ উদ্দীপনার প্রতিক্রিয়ায় শ্রবণসংক্রান্ত নিউরনগুলো যখন সক্রিয় হয়, তখন সেই সক্রিয়তার হার চলনসংক্রান্ত নিউরনগুলোর মধ্যেও সঞ্চারিত হয়। ফলে সেগুলোও একই ছন্দে সক্রিয় হতে শুরু করে। এর ফলেই শরীরের নড়াচড়া নিয়ন্ত্রণের সক্ষমতা বাড়ে।
থাউটের মতে, যেকোনো স্নায়বিক রোগের সঙ্গে চলাফেরা বা শরীরের নড়াচড়ার সমস্যা যুক্ত থাকলে এই পদ্ধতি উপকার করতে পারে। শুধু স্ট্রোক ও পারকিনসন রোগ নয়, মাল্টিপল স্ক্লেরোসিস, মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা এবং সেরিব্রাল পালসিতে আক্রান্ত ব্যক্তিরাও এর সুফল পেতে পারেন। চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে সংগীতের এই সমন্বয় সত্যিই শক্তিশালী এক চিকিৎসাপদ্ধতি হয়ে উঠতে পারে।
