কক্সবাজারের টেকনাফে আদর্শগ্রাম এলাকায় বিশেষ অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র, শাতাধিক বোমা (আইইডি) ও বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ ২ জনকে আটক করা হয়েছে। এ সময় মালামাল পরিবহনে ব্যবহৃত ২টি অটোরিকশা এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। রোববার বেলা ১১ টার দিকে
বর্ডার গার্ড বাংলাদেশের টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।
আটকরা হলেন—টেকনাফের নতুন পল্লানপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুর বিল গ্রামের মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)।
তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘শনিবার রাত আনুমানিক ১০টার দিকে টেকনাফের বটতলী থেকে পর্যটনপাড়া আদর্শগ্রাম দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের একটি বড় চালানের তথ্য পাওয়া যায়। তাৎক্ষণিক ৫টি চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্র, শাতাধিক বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ ২ জনকে আটক করা হয়।’
অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি দেশীয় একনলা বন্দুক, ৯.৯৬ মিমি ক্যালিবারের ২৫৪ রাউন্ড গুলি, বোমা তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, ৮ কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, ২টি অটোরিকশা, ১টি মোটরসাইকেল, ১ সেট উন্নতমানের টুল বক্স, ৫৪ পিস দিয়াশলাই বক্স, ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গান পাউডার, ১ কেজি ৮৫২ গ্রাম বিস্ফোরক দ্রব্য (মোটা দানা), ২ কেজি ৭০৮ গ্রাম বিস্ফোরক দ্রব্য (মাঝারি দানা), ২ কেজি ৪৯ গ্রাম বিস্ফোরক দ্রব্য (মিহি দানা), ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের ছোট বল ও ৩ কেজি পেরেক।
