পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ নির্মাতার

পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ নির্মাতার

ফন্ট সাইজ:

অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে শিডিউল দিয়েও শুটিংয়ে অংশ না নেওয়ার অভিযোগ তুলেছেন ধারাবাহিক নাটক ‘হাঙামা’র নির্মাতা মানসুর আলম নির্ঝর। তার দাবি, পাভেলের এমন কর্মকাণ্ডে প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছে নাটকটির প্রযোজনা ইউনিট। এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলনও করেছেন নির্মাতা। নির্মাতার অভিযোগ, গত ১৫ ও ২১ নভেম্বর শুটিংয়ের তারিখ নির্ধারিত থাকলেও পাভেল নির্ধারিত সময়ে সেটে উপস্থিত হননি। তার জন্য গাড়ি পাঠানো থেকে শুরু করে পুরো শুটিং ইউনিট প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু বারবার যোগাযোগের চেষ্টা করেও অভিনেতার কোনো সাড়া পাওয়া যায়নি। এতে দুই দিনের শুটিং ঘিরে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে ইউনিট। এ পরিস্থিতিতে রোববার গভীর রাতে রাজধানীর পল্লবীতে পাভেলের বাসার নিচে সংবাদ সম্মেলন করেন নির্ঝর। সেখানে তিনি বলেন, ১৫ নভেম্বরের ঘটনায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ক্ষতি হয়েছিল।

পরে পারিবারিক সমস্যার কথা জানিয়ে পাভেল ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। বিষয়টি বিবেচনা করে তাকে আবারও কাজের সুযোগ দেওয়া হয়। সে অনুযায়ী ১৭ ও ১৮ নভেম্বর শুটিং করেন পাভেল। তবে ২১ নভেম্বর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে বলে অভিযোগ নির্মাতার। নির্ঝর বলেন, বিষয়টি ইতোমধ্যে ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ ও পুলিশকে অবহিত করা হয়েছে। পাভেল ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি জনসমক্ষে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেন নির্মাতা।

গল্প ও নির্মাণের মানের সঙ্গে আপস করতে চান না তিনি। ‘হাঙামা’য় পাভেল ছাড়াও অভিনয় করছেন সেরতাজ জেবীন, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, মাশরুর এনান, সামিউল ভূঁইয়া, তাবাসসুম ছোঁয়া, শারমিন শর্মী, সুষমা সরকার, মুক্তি জাকারিয়াসহ আরও অনেকে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ধারাবাহিকটি প্রচারের পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে অভিনেতা সাইদুর রহমান পাভেলের বক্তব্য পাওয়া যায়নি।