কয়েক দিনের উত্তেজনা, সহিংসতা ও আতঙ্কের রেশ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে গোপালগঞ্জ। খুলেছে দোকানপাট, মার্কেট, অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান। ফিরেছে মানুষের স্বাভাবিক কর্মচাঞ্চল্য। ব্যাংক, সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে নিয়মিত কার্যক্রম। বেড়েছে মানুষের উপস্থিতি ও সেবাগ্রহীতাদের ভিড়।
রোববার সরজমিন গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। শহরের লঞ্চঘাট, ডিসি রোড, পুলিশ লাইনস ও বিভিন্ন মার্কেটের পাশাপাশি কাশিয়ানী উপজেলার কয়েকটি এলাকাতেও পরিস্থিতি স্বাভাবিক। সড়কে মানুষের চলাচল ও যানবাহনের উপস্থিতি বেড়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। কর্মব্যস্ত হয়ে উঠেছে শহরের বিভিন্ন এলাকা।
সাপ্তাহিক ছুটি শেষে রোববার সরকারি-বেসরকারি সব ধরনের অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। চলছে স্বাভাবিক কার্যক্রম। ব্যাংকগুলোতেও বেড়েছে গ্রাহকদের উপস্থিতি। অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক ও ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুদিন বন্ধ থাকার পর রোববার থেকে ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। গ্রাহকদের লেনদেনও বেড়েছে। পরিস্থিতি উত্তাল থাকায় গত কয়েক দিন এটিএম বুথগুলোও বন্ধ ছিল। ফলে প্রয়োজনের সময় কার্ড দিয়ে টাকা তুলতে পারেননি অনেকে। রোববার থেকে এটিএম বুথসহ ব্যাংকিং কার্যক্রমও স্বাভাবিক হয়েছে।
ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, দিনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। লেনদেন বেড়েছে। গ্রাহকদের উপস্থিতিও আগের মতো হচ্ছে।
মার্কেটগুলোতেও ধীরে ধীরে ফিরছে প্রাণচাঞ্চল্য। ব্যবসায়ী রঞ্জন কুমার বলেন, আতঙ্কের কারণে গত দুদিন মার্কেটে মানুষের সমাগম কম ছিল। এখন আস্তে আস্তে বাড়ছে। আজ অফিস-আদালত সবকিছু খোলা থাকায় মার্কেটেও মানুষের উপস্থিতি বেড়েছে।
এদিকে জজ কোর্ট ও পৌরসভাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। সেবাগ্রহীতারা আসছেন প্রয়োজনীয় সেবা নিতে। গোপালগঞ্জ পৌরভবনে কথা হয় শিল্পী আক্তারের সঙ্গে। তিনি মেয়ের জন্মনিবন্ধনের কাজ করতে এসেছেন। সিরিয়াল থাকায় তাকে অপেক্ষা করতে বলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সবখানে সাধারণ মানুষের চলাচলে দেখা যাচ্ছে আগের চেনা ব্যস্ততা।
কর্মচাঞ্চল্য ফিরছে গোপালগঞ্জে
আরিফুল ইসলাম, গোপালগঞ্জ থেকে
অনলাইন
২৬ মিনিট আগে
২২ নভেম্বর (রবিবার), ২০২৬, ১১ঃ৩৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
