ফটিকছড়িতে যুবদলের মিছিলে যুবলীগের হামলার অভিযোগ, ৩০ মোটরসাইকেল ভাঙচুর-অগ্নিসংযোগ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ। শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ ফটিকছড়ি উপজেলার নানুপুরের কেফায়েত নগরে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুর, পাঁচটি মোটরসাইকেল ছিনতাই এবং কয়েকটিতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মিছিলে অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে যুবদলের একটি মোটরসাইকেল মিছিল কেফায়েত নগর এলাকায় পৌঁছালে একদল লোক অতর্কিত হামলা চালায়। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের লক্ষ্য করে হামলার পাশাপাশি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে অন্তত ৩০টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। পাঁচটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া এবং কয়েকটিতে আগুন দেওয়া হয়।

হামলায় আহত কয়েকজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকেরা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি নেতা জাহিদ হাসান বলেন, ‘আমাদের দলের নেতৃবৃন্দের কারণেই আওয়ামী লীগ এত বড় সাহস দেখানোর সুযোগ পাচ্ছে।’

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, ‘এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, এর এক দিন আগে শুক্রবার (২০ নভেম্বর) ফটিকছড়ির নানুপুর বাজারে যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করার ঘটনা ঘটে। জুমার নামাজের সময় দুপুর দেড়টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল মিছিলটি বের করে।