সমকাল
দৈনিক সমকালের প্রথম পাতার খবর ‘ইকোনমিস্ট-এর প্রতিবেদন: অর্থনৈতিক সংকটে বাংলাদেশ’। প্রতিবেদনে বলা হয়, তিন দিক ভারতবেষ্টিত না হলে বাংলাদেশকে একটি বিশাল রাষ্ট্র হিসেবেই বিবেচনা করা হতো। ১৮ কোটি জনসংখ্যার বাংলাদেশ ইউরোপের যে কোনো দেশের চেয়ে অনেক বেশি জনবহুল। আগামী ২৪ নভেম্বর দেশটির বিপুল জনগোষ্ঠীর জন্য একটি নতুন মর্যাদা অর্জনের কথা ছিল। ওই দিন থেকে বাংলাদেশকে আর ‘স্বল্পোন্নত দেশ’ হিসেবে শ্রেণিভুক্ত থাকার কথা ছিল না। জাতিসংঘের এই শ্রেণিভুক্তির আওতায় দরিদ্র দেশগুলো স্বল্পসুদে উন্নয়ন ঋণ এবং ধনী দেশগুলোর বাজারে কম শুল্কে পণ্য রপ্তানির সুবিধা পেয়ে থাকে।
বাংলাদেশের মানুষ এ অর্জন উদযাপনের জন্য প্রস্তুত ছিল। অবশ্য তৈরি পোশাক রপ্তানিকারকদের কিছু প্রতিযোগিতামূলক সুবিধা হারাতে হতো। তারপরও বৈশ্বিক উন্নয়নের সূচকে ওপরে ওঠা এমন একটি দেশের জন্য গর্বের বিষয়, যার গর্বিত হওয়ার মতো অনেক অর্জন রয়েছে।
১৯৭১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়। তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সেই সময় বাংলাদেশ ছিল বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ। এর পর থেকে দেশটির মানুষের মাথাপিছু আয় চার গুণ বেড়েছে, শিশুমৃত্যুর হার ব্যাপকভাবে কমেছে এবং প্রায় সব শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত হয়েছে। একই সঙ্গে চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।
কিন্তু উদযাপনটি আপাতত স্থগিত হয়েছে। যোগ্যতা অর্জন করলেও বাংলাদেশ জাতিসংঘের কাছে এলডিসি থেকে উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদন করে। গত মাসে সেই আবেদন মঞ্জুর হয়েছে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের এখন এই অতিরিক্ত সময়টুকু প্রয়োজন। কয়েক দশকের অগ্রগতির পর দেশটি বর্তমানে এক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
এর জন্য আংশিক দায় শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত ‘জেন-জি বিপ্লব’-এর মধ্য দিয়ে তাঁর সরকারের পতন হয়। এর পর দেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। গত ফেব্রুয়ারি থেকে ক্ষমতায় আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনে জয়ী হয়ে দলটি সরকার গঠন করে। ওই নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।
বিপ্লবের আগে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা বাংলাদেশের ব্যাংক খাত থেকে বিপুল অর্থ লুটপাট করেন। এর ফলে ব্যাংকগুলো বিপুল পরিমাণ খেলাপি ও ঝুঁকিপূর্ণ ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়ে। এসব অনাদায়ী ও ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশে দাঁড়িয়েছে।
২০২৪ সালে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তবে কর্মকর্তাদের দাবি, গুরুত্বপূর্ণ তৈরি পোশাকশিল্পে ধর্মঘট এবং পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের মতো সহিংস কর্মকাণ্ডের পেছনে তাঁর দল আওয়ামী লীগের হাত রয়েছে। দলটির হাতে অবৈধভাবে অর্জিত বিপুল অর্থের মজুত রয়েছে, পাশাপাশি রয়েছে রাজপথে সহিংসতা চালানোর মতো কর্মী-সমর্থক। শেখ হাসিনা নির্বাসন থেকে দেশে ফিরলে অস্থিতিশীলতা আরও বাড়তে পারে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে বিক্ষোভকারীদের ওপর সহিংস দমনপীড়নে ভূমিকার কারণে অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আগামী ডিসেম্বরে দেশে ফেরার অঙ্গীকার করেছেন তিনি।
সব সমস্যার দায় শেখ হাসিনার ওপর চাপানো যায় না। কিছু সমস্যার উৎস বাংলাদেশের বাইরেও। ইরানে যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় চলতি বছর অনেক কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ার পর পরিস্থিতিতে শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবি তোলেন। অথচ কারখানার মালিকদের জন্য বাড়তি মজুরি দেওয়া ছিল সবচেয়ে কঠিন। এরই পরিণতিতে দেখা দিয়েছে শ্রমিক অসন্তোষ ও ধর্মঘট। অন্যদিকে, নতুন সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দুর্নীতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে ধীরগতি দেখিয়েছে। বিক্ষোভকারীদের সামলানোর ক্ষেত্রেও সরকার বিচক্ষণতার পরিচয় দিতে পারেনি।
বাংলাদেশ দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতার (স্ট্যাগফ্লেশন) ঝুঁকিতে রয়েছে। ২০২২ সালের মাঝামাঝি থেকে দেশে মূল্যস্ফীতি ৮ শতাংশের ওপরে রয়েছে। ওই সময় ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর মূল্যস্ফীতি বেড়ে যায়। একই যুদ্ধের প্রভাবে জ্বালানির দামও বৃদ্ধি পায়। দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে ২০২৪-২৫ অর্থবছরে ৩ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। করোনাভাইরাস মহামারির সময়ের কাছাকাছি এই প্রবৃদ্ধি, যেখানে আগে প্রবৃদ্ধি ছিল প্রায় ৬ শতাংশ। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো দেশে দারিদ্র্য বাড়ছে। এতে বাংলাদেশের দীর্ঘদিনের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন কিছুটা হলেও ম্লান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
প্রায় পাঁচ বছর ধরে মজুরি বৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতির হার বেশি। ফলে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমছে। অন্যদিকে, মানসম্মত কর্মসংস্থানের সংকটও কাটেনি। শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম প্রধান কারণ ছিল ভালো কর্মসংস্থানের অভাব। সেই সংকট এখনও রয়ে গেছে।
বাংলাদেশের আপাতত লেনদেনের ভারসাম্যে (ব্যালান্স অব পেমেন্টস) বড় ধরনের সংকটের আশঙ্কা কম। বিদেশি ঋণদাতাদের পাওনা পরিশোধের পরিমাণ বাড়লেও প্রবাসী আয় ও তৈরি পোশাক রপ্তানি থেকে আসা বৈদেশিক মুদ্রা আয়ের তুলনায় তা কমই থাকবে। বরং মূল সমস্যা দেশের অভ্যন্তরীণ অর্থনীতির দুর্বল হয়ে পড়া।
এ বছর ঋণের সুদ ও আসল পরিশোধের ব্যয় জিডিপির ৩ শতাংশে পৌঁছাতে পারে। এতে সরকারি অর্থব্যবস্থার ওপর চাপ বাড়বে। অথচ বাংলাদেশে কর আদায়ের পরিমাণ জিডিপির মাত্র ৭ শতাংশের কাছাকাছি। বর্তমানে সবচেয়ে জরুরি অগ্রাধিকার হওয়া উচিত দেশের ব্যাংক খাতের সংস্কার। তবে আইএমএফের মতো বিদেশি ঋণদাতারা যদি ব্যাংকগুলোকে উদ্ধার করতে সরকারকে সহায়তা দিতে চায়, তাহলে তারা সম্ভবত ব্যয়বহুল ও বাজারব্যবস্থায় বিকৃতি সৃষ্টিকারী ভর্তুকি কমানোর শর্ত দেবেন। এ ধরনের সিদ্ধান্ত সরকারের জন্য অত্যন্ত অজনপ্রিয় হতে পারে।
নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা অর্জনে বাংলাদেশকে এই তিন বছরের বাড়তি সময় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে কাজে লাগাতে হবে। সরকারের কর আদায় বাড়াতে হবে। একই সঙ্গে অগ্রাধিকারমূলক বাজারসুবিধার বিকল্প হিসেবে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সইয়ের উদ্যোগ জোরদার করতে হবে। প্রতিবেশী ভারতও এ ধরনের উদ্যোগ নিচ্ছে।
চরম দারিদ্র্য থেকে বেরিয়ে আসা এবং একটি নিপীড়নমূলক শাসনের অবসান ঘটানোই শেষ কথা নয়। বাংলাদেশের সামনে এখন আরও অনেক পথ পাড়ি দেওয়া বাকি।
ইকোনমিস্ট সাময়িকীর চলতি সপ্তাহের সংখ্যায় প্রকাশিত নিবন্ধ থেকে অনূদিত।
প্রথম আলো
‘ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা’—এটি দৈনিক প্রথম আলোর প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হয়, বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের থাকা নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। এ ছাড়া পর্ষদে একই পরিবারের সদস্যদের আধিপত্য কমানো, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বৃদ্ধি এবং পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করা হচ্ছে। ব্যাংক খাতে সুশাসন ফেরানো ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় এসব পরিবর্তন আনা হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। এতে ব্যাংকের পরিচালনা পর্ষদে রাজনৈতিক প্রভাব কমানোসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংক মিলে আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছিল, তার বেশির ভাগ সুপারিশই এবারের খসড়ায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি সপ্তাহেই খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর এটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
খসড়া অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, এমপি এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা ব্যাংকের পরিচালক হতে পারবেন না। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক পদধারীরা অযোগ্য হবেন। ব্যাংক পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ নিরুৎসাহিত করতে এমন প্রস্তাব করা হয়েছে।
ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী ও এমপিদের থাকার বিষয়ে বিদ্যমান আইনে স্পষ্ট নিষেধাজ্ঞা নেই। তবে মন্ত্রীদের ক্ষেত্রে সংবিধানের ১৪৭ অনুচ্ছেদের বিধিনিষেধ রয়েছে। এই অনুচ্ছেদের (৩) উপ–অনুচ্ছেদে বলা হয়েছে, মন্ত্রিসভার কোনো সদস্য লাভজনক পদে থাকতে পারবেন না এবং মুনাফা বা লাভের উদ্দেশ্যে পরিচালিত কোনো কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বা পরিচালনায় অংশ নিতে পারবেন না।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘পরিচালনা পর্ষদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের দূরে থাকাই ভালো বলে মনে করি। ’
ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্যদের আধিপত্য কমাতে তাঁদের সংখ্যা সীমিত করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এক পরিবার থেকে সর্বোচ্চ তিনজন সদস্য একই সময়ে এক ব্যাংকের পরিচালক থাকতে পারেন। নতুন প্রস্তাবে তা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে। এ ছাড়া একই পরিবারের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে ব্যাংকের পর্ষদে প্রতিনিধি পরিচালক রাখার সুযোগ দুজনের জায়গায় একজন করার প্রস্তাব করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ, বেক্সিমকো, প্রিমিয়ার গ্রুপ, সিকদার গ্রুপসহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব গোষ্ঠীর প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের পাশাপাশি স্ত্রী বা স্বামী, ছেলে-মেয়ে, জামাতা ও নিকটাত্মীয়দের ব্যাংকের পরিচালনা পর্ষদে বসাতেন। পর্ষদে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতেই নতুন প্রস্তাব করা হয়েছে মনে করে বিএবি।
যুগান্তর
দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম ‘আওয়ামী লীগবিরোধী ঐক্য: জাতীয় সংলাপ ২৭ নভেম্বর’। প্রতিবেদনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে বিরোধী দলগুলোকে জাতীয় সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছে সরকারি দল বিএনপি। আগামী ২৭ বা ২৮ নভেম্বর এ সংলাপ হতে পারে। ঐকমত্য কমিশনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে অনুষ্ঠিত হবে এ সংলাপ। তবে ওই সংলাপের এজেন্ডা এখনো চূড়ান্ত হয়নি।
বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার কথা রয়েছে আগামী ২৬ নভেম্বর। এদিকে আজ রোববার দেশে ফিরছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
ইতোমধ্যে ভেতরে ভেতরে সংলাপের গ্রাউন্ডওয়ার্ক তৈরি হয়ে গেছে। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠকের পর ফলোআপ বৈঠক করেছে ১১ দলীয় ঐক্য। এখন সংলাপের জন্য দলগুলোর মধ্যে প্রস্তুতি চলছে বলে নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়া গেছে।
জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের সমাপনী দিনে ১৮ নভেম্বর একান্তে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ওই বৈঠকের পর জাতীয় সংসদে দেওয়া ভাষণে তারা দুজনেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ও সংসদের বাইরের দলগুলোকে একই মঞ্চে আসার আহ্বান জানান। এরপরই মূলত জাতীয় সংলাপে বসতে বিরোধী দলকে আমন্ত্রণ জানায় সরকারি দল বিএনপি।
তবে এ বিষয়ে এখনই আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি নন দলগুলোর শীর্ষ নেতারা। সরকারের ওই আমন্ত্রণের পর বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য পৃথকভাবে আওয়ামী লীগের নাশকতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে কর্মসূচি পালন করছে।
জানতে চাইলে জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি যুগান্তরকে বলেন, জুলাই আন্দোলনে আমরা যেসব দল ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি, আগামীতেও ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়ব।
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু যুগান্তরকে বলেন, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বৈঠকের ফলশ্রুতিতে একটি জাতীয় সংলাপ হবে বলে শুনছি। এটি নভেম্বরের শেষের দিকে হতে পারে। এই সংলাপ থেকে জুলাই আন্দোলনের দলগুলোর ঐক্য পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের পথ তৈরি হবে বলে প্রত্যাশা করি।
সূত্র জানাচ্ছে, জাতীয় ঐক্য গড়তে সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতার প্রক্রিয়া নিয়ে নানামুখী আলোচনা চলছে। ঐক্যের প্রশ্নে নীতিগতভাবে একমত থাকলেও বিভিন্ন ইস্যুতে কিছুটা দরকষাকষি চলছে দলগুলোর মধ্যে।
কালের কণ্ঠ
‘বিনিয়োগে বাধার পাহাড়’—এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, ব্যাংকঋণের উচ্চ সুদ, কাঁচামাল আমদানির বাড়তি খরচ আর শিল্পাঞ্চলে অস্থিরতায় কারখানার চাকা পূর্ণোদ্যমে ঘুরছে না। মূল্যস্ফীতির চাপে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে।
বাজারে পণ্যের বিক্রি নিম্নমুখী। এমন পরিস্থিতিতে নতুন বিনিয়োগের ঝুঁকি নিতে চাইছেন না উদ্যোক্তারা। আর যাঁদের কারখানা চালু আছে তাঁরা উৎপাদন সক্ষমতার পুরোটা কাজে লাগাতে পারছেন না। কোথাও উৎপাদন কমছে, কোথাও শ্রমিক ছাঁটাই হচ্ছে।
ব্যবসা কমে যাওয়ায় সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে খেলাপি হচ্ছেন ব্যবসায়ীরা। এমনকি এই সংকটের ঢেউয়ে ভালো ঋণগ্রহীতা ব্যবসায়ীর নামও উঠছে খেলাপির তালিকায়।
উদ্যোক্তাদের অভিযোগ, বিনিয়োগের অনুমোদন পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে। এক দপ্তর থেকে আরেক দপ্তরে ছুটতে হচ্ছে। কোথাও কাগজপত্রের জটিলতা, কোথাও দীর্ঘসূত্রতা। এর সঙ্গে ঘুষ, তদবির ও হয়রানির অভিযোগও রয়েছে। ফলে বৈধ পথে বিনিয়োগের আগ্রহ কমছে। বাড়ছে দেশের বাইরে অর্থ সরিয়ে নেওয়ার প্রবণতা। এই পরিস্থিতিকে উদ্যোক্তাদের বিনিয়োগ সক্ষমতা ও আস্থার ঘাটতির প্রতিফলন হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।
তাঁরা বলছেন, দ্রুত উন্নতি না হলে উৎপাদন ও কর্মসংস্থানে চাপ আরো বাড়বে, যা সামাজিক অস্থিরতা তৈরির পাশাপাশি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনও কঠিন করে তুলতে পারে। বিনিয়োগের ক্ষুধায় অর্থনীতির গতি আরো কমতে পারে। অর্থনীতির উদারীকরণে ব্যাপকভাবে নীতি সংস্কার জরুরি।
বিনিয়োগ সংকোচনের কারণেই দেশের প্রবৃদ্ধি কমছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বেসরকারি বিনিয়োগ ০.৫% ও সরকারি বিনিয়োগ ০.৭% কমেছে; একই সময়ে পণ্য ও সেবার প্রকৃত রপ্তানি কমেছে ৪.৮%। বিনিয়োগ ও কর্মসংস্থান দুর্বল হয়ে পড়েছে, গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, ব্যাংক খাতে খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি বাড়ছে এবং উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমছে।
ইত্তেফাক
দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম ‘বেতন বৃদ্ধির হার নির্ধারণে স্থায়ী কাঠামোর প্রস্তাব আসতে পারে’। প্রতিবেদনে বলা হয়, তৈরি পোশাক শিল্প খাতে প্রতিবার মজুরি কাঠামো ঘোষণাকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি হয়েছে। এবারের অস্থিরতায় ইতিমধ্যে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে। তবে এবার নতুন মজুরি কাঠামো ঘোষণার পর সামনের বছরগুলোতে আর নতুন কোনো মজুরি বোর্ড চান না মালিকরা। এভাবে প্রতি তিন থেকে পাঁচ বছর পরপর মজুরি পর্যালোচনার দাবিতে শ্রম অসন্তোষের যে অস্থির ও সহিংস প্রক্রিয়া চলে আসছে, তা বাতিল করে প্রতি বছর একটি সুনির্দিষ্ট ফর্মুলার ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধির ব্যবস্থা চালু করতে চান তারা। আগামী ২৩ নভেম্বর সোমবার অনুষ্ঠিতব্য ন্যূনতম মজুরি বোর্ডের পরবর্তী বৈঠকে নতুন মজুরির প্রস্তাব দেওয়ার পাশাপাশি, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির একটি আনুষ্ঠানিক প্রস্তাব তুলে ধরবেন শিল্প নেতারা।
পোশাকমালিকদের শীর্ষ দুই সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নেতৃবৃন্দ বলছেন, ভবিষ্যতে মজুরি বোর্ড প্রথা বিলুপ্ত করার বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে ইতোমধ্যেই প্রাথমিক আলোচনা হয়েছে। প্রস্তাবিত এই মডেলে দেশের সার্বিক মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং একটি পরিবারের স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতের ব্যয়ের হিসাব বিবেচনায় নিয়ে, একটি ফর্মুলার মাধ্যমে প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে শ্রমিকদের বেতন বৃদ্ধি নির্ধারণ করা হবে। এবছর ন্যূনতম মজুরি ঘোষণা হয়ে আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু সামনের বছরগুলোতে যাতে মজুরি বোর্ড গঠন ও ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে তৈরি পোশাকখাতে কোনো অস্থিরতা সৃষ্টি না হয়, সেজন্য এমন প্রস্তাবের কথা আলোচনায় আসছে।
ক্ষয়ক্ষতির তথ্য জানতে জরিপ করবে বিজিএমইএ: চলমান শ্রমিক অসন্তোষে তৈরি পোশাক খাতে উত্পাদন ও রপ্তানি কার্যক্রমে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে জরিপ করার উদ্যোগ নিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। এ জন্য সদস্য কারখানার কাছে চলতি মাসের প্রথম ১৮ দিনের উত্পাদন ব্যাহত হওয়া, রপ্তানি আদেশ বাতিল, পণ্য আকাশপথে পাঠানোর অতিরিক্ত ব্যয়, ছাড় দিয়ে পণ্য বিক্রি, কারখানার সম্পদের ক্ষতিসহ বিভিন্ন খাতের তথ্য চেয়েছে সংগঠনটি। বিজিএমইএ গত সপ্তাহে সদস্য কারখানাগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এসব তথ্য চেয়েছে। চিঠিতে ২২ নভেম্বরের, আজ রবিবারের মধ্যে নির্ধারিত অনলাইন ফরমে সদস্যদের এসব তথ্য জমা দিতে বলা হয়েছে।
এসব তথ্যের ভিত্তিতে শিল্পের সামগ্রিক ক্ষয়ক্ষতি মূল্যায়ন, নীতিগত সহায়তার সুপারিশ এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে সংগঠনটি। বিজিএমইএর চিঠিতে বলা হয়েছে, সামপ্রতিক শ্রমিক অসন্তোষের কারণে তৈরি পোশাক কারখানার স্বাভাবিক উত্পাদন কার্যক্রম ও রপ্তানিপ্রক্রিয়া ব্যাহত হয়েছে। এ কারণে আর্থিক ক্ষতি, রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস, অতিরিক্ত ব্যয় এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নিরূপণে তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
বিজিএমইএর এই অনলাইন জরিপের ফরমে কারখানার বার্ষিক রপ্তানি মূল্য, শ্রমিকসংখ্যা, কত দিন উত্পাদন ব্যাহত হয়েছে, উত্পাদন ক্ষতির আর্থিক মূল্য ও পরিমাণ এবং উত্পাদন না হলেও শ্রমিকদের মজুরি বাবদ ব্যয়ের তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি উত্পাদনের ঘাটতি পুষিয়ে নিতে অতিরিক্ত ওভারটাইমের সম্ভাব্য ব্যয়, রপ্তানি আদেশ বাতিলের মূল্য, আকাশপথে পণ্য পাঠানোর ব্যয় এবং ছাড় দিয়ে পণ্য বিক্রির পরিমাণ জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া আগের মৌসুমের তুলনায় নতুন রপ্তানি আদেশ কম পাওয়ার পরিমাণ, কারখানার ভবন, যন্ত্রপাতি ও স্থাপনার ক্ষতি এবং অন্যান্য আর্থিক ক্ষতির হিসাবও চেয়েছে বিজিএমইএ।
নয়া দিগন্ত
‘পদোন্নতি পাওয়া ৩৭ সচিবের মধ্যে ২৭ জনই আওয়ামী সুবিধাভোগী’—এটি দৈনিক নয়া দিগন্তের প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হয়, সিদ্ধান্ত বাস্তবায়নের কাজে আস্থাভাজন ব্যক্তিদের সচিব হিসেবে পদোন্নতি দেয় সরকার। স্বৈরাচারী শেখ হাসিনার এমন আস্থাভাজন হিসেবে সচিব পদোন্নতি পাওয়া পাঁচজন সচিব এখনো সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন। এ ছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর গত আট মাসে ৩৭ কর্মকর্তাকে সচিব পদোন্নতি দিয়েছে ক্ষমতাসীন সরকার। এ ৩৭ কর্মকর্তার মধ্যে মাত্র ১০ কর্মকর্তা রয়েছেন, যারা গত আওয়ামী শাসনামলে পদোন্নতি বঞ্চিত হয়েছিলেন।
বাকি ২৬ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন, যারা গত ১৭ বছর নিয়মিত পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে অনেকেই রয়েছেন, যারা প্রকাশ্যে শেখ হাসিনার স্বৈরাচারী কর্মকাণ্ডকে সমর্থন দিয়েছেন এবং নানাভাবে সহযোগিতা করেছেন। আওয়ামী শাসনামলে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি না দিয়ে সুবিধাভোগী কর্মকর্তাদের এমন পদোন্নতির ঘটনায় ক্ষুব্ধ হচ্ছেন বঞ্চিত পদোন্নতি প্রত্যাশী কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য এবং বঞ্চিত কর্মকর্তাদের সাথে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সরকারের সচিব পদমর্যাদায় ৯৪ জন কর্মকর্তা বর্তমানে কর্মরত রয়েছেন। সেসব কর্মকর্তার মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময় নিয়মিত কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়েছেন ৩৭ কর্মকর্তা। চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ পেয়েছে ১৬ কর্মকর্তা। শেখ হাসিনার হাতে পদোন্নতি পাওয়া পাঁচজন এখনো কর্মরত রয়েছেন। অবশিষ্ট ৩৬ কর্মকর্তা রয়েছেন, যারা অন্তর্বর্তী সরকারের সময় পদোন্নতি পেলেও তাদের বেশিরভাগই আওয়ামী সুবিধাভোগী।
শেখ হাসিনার হাতে পদোন্নতি পাওয়া ৫ সচিব : প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: আশরাফ উদ্দীন, অর্থ বিভাগের সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মিজ নাজমা মোবারেক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিপিএটিসির রেক্টর সাঈদ মাহবুব খান। এর মধ্যে অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সচিব পদে আবারো মো: খায়েরুজ্জামান মজুমদারকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার; যাকে হাসিনা সরকার ২০২৩ সালের আগস্টে অর্থসচিব হিসেবে নিয়োগ দিয়েছিল।
জনপ্রশাসন সূত্র জানায়, এ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের ফাইলে স্বাক্ষরের সময় একাধিক কর্মকর্তা প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু একজন মন্ত্রীর জোর তদবিরের কারণে তার চুক্তি আটকানো সম্ভব হয়নি।
বণিক বার্তা
দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম ‘ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংক হিসাবের টাকা হাতাচ্ছে প্রতারক চক্র’। প্রতিবেদনে বলা হয়, ফেসবুকে চোখে পড়ছে আকর্ষণীয় বিজ্ঞাপন। বাজারদরের চেয়ে অনেক কমে পণ্য বিক্রির প্রস্তাব। কোথাও আবার উপহার, বিশেষ ছাড় কিংবা পুরস্কার জেতার সুযোগ। বিজ্ঞাপনের সঙ্গে দেয়া লিংকে ক্লিক করতেই খুলে যাচ্ছে পরিচিত কোনো প্রতিষ্ঠানের আদলে তৈরি ওয়েবসাইট। কোথাও সফটওয়্যার আপডেটের নামে পাঠানো হচ্ছে লিংক, আবার হোয়াটসঅ্যাপে আসছে ব্যাংকিং সেবা হালনাগাদ কিংবা বিশেষ অফারের বার্তা। আগ্রহী হয়ে কেউ এমন লিংকে প্রবেশের পরই ঘটছে বিপত্তি। কখনো গ্রাহকের অজান্তে তার স্মার্টফোনের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে প্রতারকদের হাতে, কখনো বেহাত হচ্ছে ব্যাংকিংয়ের তথ্য ও গোপন পিন নম্বর। এরপর দ্রুততম সময়ে গ্রাহকের ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে একের পর এক লেনদেনের মাধ্যমে টাকা সরিয়ে নিচ্ছে চক্রটি।
দেশে ডিজিটাল লেনদেন বিস্তারের সঙ্গে সঙ্গে প্রতারণার নিত্যনতুন কৌশল সামনে আসছে। শুধু ব্যাংক হিসাবের তথ্য বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) পিন চুরি নয়, এখন গ্রাহকের ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে অর্থ চুরির ঘটনাও ঘটছে। ফলে গ্রাহক নিজে অনুমোদন না দিলেও তার ফোনের সফটওয়্যার ব্যবহার করে অর্থ স্থানান্তর করা সম্ভব হচ্ছে। এভাবে প্রতারণার শিকার হওয়ার পর অনেক ক্ষেত্রেই গ্রাহক বুঝতে পারছেন না কীভাবে তার হিসাব থেকে টাকা চলে গেল।
সম্প্রতি ক্রেডিট কার্ডের জমে থাকা রিওয়ার্ড পয়েন্ট বা রিডেম্পশন পাওয়ার প্রলোভন দেখিয়ে সিদ্দিকুর রহমান নামের একজন গ্রাহকের ব্যাংক হিসাব থেকে ২ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। ওই গ্রাহকের কাছে ব্যাংকের আদলে তৈরি একটি অনলাইন লিংক পাঠায় প্রতারকরা। লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দেয়ার পর ব্যাংক হিসাবের নিয়ন্ত্রণ নেয় চক্রটি। এরপর তার হিসাব থেকে অন্য ব্যাংকের একটি হিসাবে অর্থ স্থানান্তর করা হয়।
ভুক্তভোগী সিদ্দিকুর রহমান বণিক বার্তাকে জানিয়েছেন, তার ক্রেডিট কার্ডের টাকা অন্য ব্যাংকে সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন। কিন্তু এখনো কোনো প্রতিকার পাননি।
আজকের পত্রিকা
‘নভেম্বরে প্রায় সব মৃত্যুই শক সিনড্রোমে’—এটি দৈনিক আজকের পত্রিকার প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হয়, চলতি বছর দেশে মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। বেশ কিছুদিন আগেই গত বছরের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে। বর্ষা শেষ হয়ে শীতের আগমনী বার্তা এলেও পরিস্থিতির উন্নতি হয়নি। নভেম্বরেও ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। লক্ষণীয় বিষয় হচ্ছে, এ মাসে মারা যাওয়া ব্যক্তিদের প্রায় শতভাগ রোগটির জটিল পর্যায় ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়েছিল। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসক ও রোগতত্ত্ববিদেরা।
সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ২১ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সাড়ে ৫ হাজার ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এ পর্যন্ত মারা গেছে ৫১৬ জন ডেঙ্গু রোগী। নভেম্বরের ২১ দিনেই মৃত্যু হয়েছে ৯৭ জনের। তাদের মধ্যে ৯৫ জনই ডেঙ্গু শক সিনড্রোমে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুন থেকে ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বাড়তে শুরু করে। ওই মাসে হাসপাতালে ভর্তি হয় ২ হাজার ৯০৭ জন। জুলাইয়ে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২০৬ জনে। তার পর থেকে সংখ্যাটি লাফিয়ে বাড়তে থাকে। অক্টোবরে হাসপাতালে ভর্তি হয় প্রায় ৫৩ হাজার রোগী। মৃত্যুর হিসাবেও জুনের পর থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। জুনে ১৩ জনের পর জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩, সেপ্টেম্বরে ১৪৮ এবং অক্টোবরে ১৭৪ জন মারা যায়।
জটিল পরিস্থিতি শক সিনড্রোম
চিকিৎসা গ্রহণে দেরি করাসহ বিভিন্ন কারণে ডেঙ্গু রোগীর অবস্থা সাধারণ জ্বর থেকে গুরুতর জটিলতায় রূপ নিতে পারে। প্রচলিত শ্রেণিবিন্যাসে ডেঙ্গু ফিভার বা জ্বর, ডেঙ্গু হেমোরেজিক ফিভার (ডিএইচএফ) এবং ডেঙ্গু শক সিনড্রোম (ডিএসএস)—এই তিনটি পরিভাষা ব্যবহৃত হয়। ডেঙ্গু হেমোরেজিক ফিভারে রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে যাওয়া, রক্তক্ষরণের প্রবণতা এবং রক্তনালি থেকে প্লাজমা বেরিয়ে যাওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে। নালি থেকে প্লাজমা বেরিয়ে গেলে রক্তসঞ্চালনে প্রয়োজনীয় তরল পদার্থের পরিমাণ কমে রক্তচাপ বিপজ্জনকভাবে নেমে যায়। একেই ডেঙ্গু শক সিনড্রোম বলা হয়। শক সিনড্রোম হলে শ্বাসকষ্ট, গুরুতর রক্তক্ষরণ এবং যকৃৎ, হৃদ্যন্ত্র বা মস্তিষ্কের মতো অঙ্গের গুরুতর জটিলতা দেখা দিতে পারে।
দেশ রূপান্তর
দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম ‘সরকারের সঙ্গে দৌড়াতে পারছে না প্রশাসন’। প্রতিবেদনে বলা হয়, বিগত চার বছরে সরকারি চাকুরের সংখ্যা কমেছে প্রায় এক লাখ। অথচ চার বছর আগের তুলনায় অর্থনীতির আকার অনেক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে প্রশাসনিক কার্যক্রমের পরিধি। কিন্তু সরকারি বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্যপদ থাকায় প্রশাসনিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। পাশাপাশি জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের কার্যক্রমের গতির সঙ্গে তাল মেলাতে পারছে না প্রশাসন। বিষয়টি স্পষ্ট হয়ে উঠে গত ১২ নভেম্বর সচিবদের জরুরি বৈঠকে। ওই দিন মন্ত্রিপরিষদ সচিব হঠাৎ করেই বৈঠকে ডাকেন সচিবদের। বৈঠকে ঢিলেমি না করে কাজের গতি বাড়াতে সচিবদের নির্দেশনা দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এর আগে গত সেপ্টেম্বরেও কাজের গতি বাড়াতে সচিবদের তাগাদা দেওয়া হয়। সচিবরা মন্ত্রিপরিষদ সচিবকে জানান, মন্ত্রিসভার চাহিদা অনুযায়ী পেপারওয়ার্কের জন্য দক্ষ এবং উপযুক্ত কর্মকর্তার অভাব থাকায় তা সময়মতো সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।
খোঁজ নিয়ে জানা গেছে, শূন্যপদে কর্মকর্তা না থাকায় জরুরি প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গত দুই মাসে মন্ত্রিপরিষদ বিভাগ আট কর্মকর্তাকে নিজ নিজ পদের অতিরিক্ত দায়িত্ব দিয়েছে। প্রশাসনে এমন অতিরিক্ত, ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্ব পালন করা কর্মকর্তার সংখ্যা কয়েকশ। ১৫ মন্ত্রণালয় ও তার অধীনস্থ বিভাগ এবং অধিদপ্তরগুলোতে প্রায় ৩০০ শূন্যপদের বিপরীতে ভারপ্রাপ্ত, অতিরিক্ত ও চলতি দায়িত্ব পালন করছেন কর্মকর্তারা। একজন কর্মকর্তা নিজ দায়িত্বের পাশাপাশি ক্ষেত্রবিশেষে অতিরিক্ত আরেকটি পদের দায়িত্ব পালনে বিধি থাকলেও কেউ কেউ চারটি পদেও দায়িত্ব পালন করছেন। বিভাগীয় ও জেলা কার্যালয়সহ মাঠপর্যায়ের শূন্যপদ এ হিসাবের বাইরে। বিশেষজ্ঞরা জানান, এ ধরনের পরিস্থিতি একদিকে প্রশাসনে জরুরি জনবল সংকটের চিত্রই ফুটিয়ে তুলেছে; অপরদিকে সরকারি ক্রয়, নীতিনির্ধারণী কার্যক্রম, নিয়োগ-বদলি ও উন্নয়ন কর্মকান্ড পরিচালনায় অনিয়ম-দুর্নীতি, স্বজনপ্রীতিসহ সুশাসন ব্যাহত করছে।
গত ১৫ আগস্ট সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভোকেসির এক আলোচনায় বক্তারা উল্লেখ করেন যে, পদায়ন ও পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার কারণে অনেক কর্মকর্তা কাজ পাচ্ছেন না। এর ফলে প্রশাসনে গতিশীলতা আসছে না।
এদিকে বিগত ২০২১ সালে দেশের মোট জাতীয় উৎপাদন (জিডিপি) ছিল ৪১৬ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৬ সালে ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বেড়েছে শিল্প, কৃষি ও সেবা খাতের উৎপাদনও। বেড়েছে বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) সংখ্যা ও বাজেট। সেই সঙ্গে সরকারের কার্যক্রমও চার বছর আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সরকারের কার্যক্রম বাস্তবায়ন ও পরিচালনার কার্যক্রম এগিয়ে নেয় প্রশাসন। কিন্তু জনবল সংকটের কারণে সরকারের গতির সঙ্গে প্রশাসন তাল মেলাতে পারছে না।
বাংলাদেশ প্রতিদিন
‘সীমান্ত পেরিয়ে আসছে নাশকতার রসদ’—এটি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হয়, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে সীমান্তের ওপার থেকে আসছে গানপাউডারসহ বিস্ফোরক তৈরির রসদ। সীমান্তের বিভিন্ন চোরাই পথে আসা এসব রসদ পৌঁছে যাচ্ছে হাত বোমা তৈরির কারিগর ও অগ্নিসংযোগকারীদের হাতে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অপতৎপরতা ঘিরে নতুন করে নজরদারিতে আনা হয়েছে এসব রসদ সরবরাহ নেটওয়ার্কের সঙ্গে জড়িত কারবারিদের। তবে গোয়েন্দা নজরদারি ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে রসদ আসার পর সেগুলো কোথায় মজুত হচ্ছে তা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।
গোয়েন্দারা বলছেন, ঢাকা ছাড়াও তিন জেলায় ককটেল তৈরির তথ্য পাওয়া গেছে। ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, সাভার, আশুলিয়া, সাইনবোর্ড, কেরানীগঞ্জসহ কয়েকটি স্পটে ককটেল তৈরি হচ্ছে। ককটেল হামলায় জড়িতদের জিজ্ঞাসাবাদে কারিগরদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান। ডিএমপির তথ্য বলছে, গত তিন মাসে রাজধানীতে ১২১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৯৬ জনকে গ্রেপ্তার করা হয়। বিশ্লেষকরা বলছেন, বিস্ফোরণের পর অপরাধীদের গ্রেপ্তার করা নয়- নাশকতার আগেই পুরো নেটওয়ার্ক শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এদিকে গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকলেও সীমান্তপথে এসব রসদের প্রবেশ পুরোপুরি ঠেকানো যাচ্ছে না।
গত ১৪ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে ৪৮টি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়। ১৭ নভেম্বর জৈন্তাপুর সীমান্ত থেকে ৫০টি বিস্ফোরক জেল, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটর কর্ড উদ্ধার করা হয়। এ ছাড়াও গত মঙ্গলবার রাজধানী থেকে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডারসহ গ্রেপ্তার হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা। মেহেরপুর সীমান্ত দিয়ে গানপাউডারগুলো ঢাকায় আনা হয়েছে বলে তথ্য পায় ডিবি পুলিশ। এ চক্রে জড়িত দুজনকে গ্রেপ্তারে চলছে অভিযান। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানিয়েছে, নাশকতাকে কেন্দ্র করে বিস্ফোরক ও বিস্ফোরকের কাঁচামাল আসার ঘটনা বাড়তে পারে- এমন সন্দেহে ঝুঁকিপূর্ণ সীমান্তগুলোতে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। বিস্ফোরক শনাক্তে ডগ স্কোয়াড, আধুনিক প্রযুক্তি ও রাতে নাইট ভিশন ক্যামেরা দিয়ে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বহাল রাখা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক বৈঠকে দেশের সব সীমান্ত জেলায় পুলিশকে নজরদারি আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
