শ্রমিক দলের নতুন কমিটির আহ্বায়ক আমান, সদস্য সচিব শিমুল বিশ্বাস

শ্রমিক দলের নতুন কমিটির আহ্বায়ক আমান, সদস্য সচিব শিমুল বিশ্বাস

ফন্ট সাইজ:

জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্য সচিব করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে সংগঠনের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করার দায়িত্ব দেয়া হয়েছে নতুন কমিটিকে।

শনিবার রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন উপস্থিত ছিলেন।
সভায় শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

সভায় শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং যথাশীঘ্র কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শ্রমিক দলের সংবিধান পর্যালোচনা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তাদের একযোগে পদত্যাগ করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। পরে উপস্থিত ২৪ জন কর্মকর্তা সর্বসম্মতিক্রমে নিজেদের পদত্যাগ গ্রহণ করে নতুন কমিটিকে দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার করেন।

সভায় গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরের শ্রমজীবী মানুষের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। তাদের মজুরি বৃদ্ধি ও অন্যান্য ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সমর্থন ও সহযোগিতা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিকদের সচেতন ও সংগঠিত করার সিদ্ধান্ত হয়। এছাড়া শ্রমিক দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, নতুন ইউনিয়ন গঠন ও সংগঠনে অন্তর্ভুক্ত করা এবং বকেয়া চাঁদা আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তিদের নির্দেশনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপস্থিত শ্রমিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস দীর্ঘ এক যুগ ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শ্রমিক দলের নেতৃত্ব দেয়ায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তাদের পাশাপাশি সারাদেশের নেতাকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। তারা নতুন আহ্বায়ক কমিটির সাফল্য কামনা করে সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন।