দুই টুর্নামেন্টে ব্যর্থতা, বিশেষ করে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কোচকে নিয়ে আজ দীর্ঘ আলোচনা হলেও তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি। বরং কোচের সঙ্গে আবারও বসার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। এরপর প্রয়োজন মনে করলে বিষয়টি পাঠানো হবে বাফুফের নির্বাহী কমিটিতে (ইসি)। অর্থাৎ ডুলিকে রাখা হবে নাকি বিদায় করা হবে— সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আরও একটি সভার।
শনিবার সন্ধ্যায় বাফুফে ভবনে অনুষ্ঠিত ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সভায় উপস্থিত ছিলেন কোচ থমাস ডুলি। কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে সভায় কোচকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন সদস্যরা। সাফ সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দলের পারফরম্যান্স, কৌশল এবং ব্যর্থতার কারণ জানতে চাওয়া হয় তার কাছে। কমিটির সদস্য সত্যজিৎ দাশ রুপু, সাঈদ হাসান কানন, ইমতিয়াজ আহমেদ সবুজ ও মনজুরুল আলমসহ কয়েকজন কোচকে প্রশ্ন করেন। ডুলিও সেসব প্রশ্নের উত্তর দেন। পরে সভাপতি কিছু কথা বলার পর কোচকে সভা থেকে চলে যেতে বলা হয়।
এরপর নিজেদের মধ্যে আলোচনা করেন কমিটির সদস্যরা। তবে সভায় কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যের অনুপস্থিতি এবং আরও বিস্তারিত পর্যালোচনার প্রয়োজনের কথা জানিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত থেকে সরে আসে কমিটি। কমিটির সদস্য ও জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘কোচকে বাদ দেবো, রাখবো, নাকি কী করবো— এখনই সেই সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা খুব শিগগিরই আবার সভা করবো। কোচের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে প্রয়োজন অনুযায়ী নির্বাহী কমিটিতে পাঠানো হবে।’
কোচের পাশাপাশি তার সহকারী কোচিং স্টাফ এবং নিয়োগপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে বাবু স্বীকার করেন, কোচ নিয়োগের প্রক্রিয়ায়ও পর্যালোচনার প্রয়োজন রয়েছে। এ কারণেই সভায় টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে রাখা হয়েছে। প্রয়োজনে সহকারী কোচ হাসান আল মামুন, ভিডিও অ্যানালিস্ট ও ফিজিওর সঙ্গেও আলোচনা করা হবে বলে জানান তিনি।
কোচের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তহীনতার পাশাপাশি জাতীয় দলের শৃঙ্খলা এবং খেলোয়াড়দের আচরণ নিয়েও সভায় আলোচনা হয়েছে বলে জানান বাবু। তবে কোনো শাস্তিমূলক সিদ্ধান্তের কথা জানাননি তিনি। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পায়ের চোট পাওয়া সাদ উদ্দিনের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহনের ঘোষণা দিয়েছে বাফুফে। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে পাঠানোর ভিসার ব্যবস্থা করা হচ্ছে। সুস্থ না হওয়া পর্যন্ত তার সব চিকিৎসা ব্যয় ফেডারেশন বহন করবে বলে জানান বাবু।
