পিউ রিসার্চের গবেষণার পর যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষীদের তোপ

পিউ রিসার্চের গবেষণার পর যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষীদের তোপ

ফন্ট সাইজ:

পিউ রিসার্চ সেন্টারের একটি গবেষণাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষী বক্তব্য ও আক্রমণ নতুন করে আলোচনায় এসেছে। গবেষণায় বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলমানের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে। এ পূর্বাভাস প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্রের ডানপন্থি রাজনীতিক, ভাষ্যকার ও বিভিন্ন রক্ষণশীল সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামবিরোধী বক্তব্য ছড়াতে শুরু করেছে।
যুক্তরাষ্ট্রে মুসলমানের সংখ্যা বাড়ার পূর্বাভাস প্রকাশের পর দেশটির ডানপন্থি রাজনীতিক ও ভাষ্যকাররা সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন।

টেক্সাসের প্রতিনিধি পরিষদের সদস্য কিথ সেলফ এ প্রসঙ্গে অভিবাসনকে দায়ী করে দাবি করেন, যুক্তরাষ্ট্রের অভিবাসননীতি দেশটির স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে।
এক্সে দেয়া পোস্টে তিনি লিখেন, ‘আমাদের দেশ খ্রিষ্টীয় বিশ্বাসের ভিত্তিতে প্রতিষ্ঠিত। আমরা যদি বিষয়টি নিয়ন্ত্রণে আনতে না পারি, তাহলে নিজেদের দেশ, স্বাধীনতা ও ঐতিহ্য হারাব।’

সাবেক হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও এ আলোচনায় যোগ দেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকদের আরও বেশি সন্তান নেয়ার আহ্বান জানান।
রক্ষণশীল সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএও গবেষণাটি নিয়ে বিবৃতি প্রকাশ করেছে। সংগঠনটি আমেরিকানদের উদ্দেশে ‘জেগে ওঠার’ আহ্বান জানায়।
এদিকে রক্ষণশীল অলাভজনক সংস্থা সেন্টার ফর রিনিউয়িং আমেরিকা আরও এক ধাপ এগিয়ে এক্সে লিখেছে, ‘আমাদের দেশকে রক্ষার কাজটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে। আর সেই কাজের একটি অংশ হলো আমেরিকায় ইসলামকে পরাজিত করা।’

সম্প্রতি পিউ রিচার্স সেন্টারের ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ধর্মীয় জনগোষ্ঠীর পরিবর্তন নিয়ে করা গবেষণায় বলা হয়েছে, মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়বে।
২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলমানের সংখ্যা বেড়ে প্রায় ৩৬০ কোটিতে পৌঁছাতে পারে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ৫০ বছরে মুসলমানের সংখ্যা প্রায় ৮০ শতাংশ বাড়বে। এর পেছনে মুসলিম জনগোষ্ঠীর তুলনামূলক কম বয়সী জনসংখ্যা এবং উচ্চ জন্মহারের ভূমিকা রয়েছে।

গবেষণায় আরও বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানের দেশ হিসেবে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে পাকিস্তান। উত্তর আমেরিকাতেও মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। সেখানে মুসলমানের সংখ্যা তিন গুণের বেশি হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। বিশেষ করে অভিবাসন এ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যুক্তরাষ্ট্রে মুসলমানের সংখ্যা প্রায় ৯০ লাখ বাড়তে পারে। তবে এত বৃদ্ধির পরও দেশটির মোট জনসংখ্যার মাত্র ৪ শতাংশ হবেন মুসলমান। বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় ১ থেকে ১ দশমিক ৬ শতাংশ মুসলিম।