রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে বন্ধে আইন করার পরামর্শ ভারতের সুপ্রিম কোর্টের

রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে বন্ধে আইন করার পরামর্শ ভারতের সুপ্রিম কোর্টের

ফন্ট সাইজ:

নিকটাত্মীয় বা রক্তের সম্পর্কের মধ্যে বিয়ের ফলে পরবর্তী প্রজন্মের শিশুদের মধ্যে বিভিন্ন বংশগত ও জিনগত রোগের ঝুঁকি বাড়তে পারে। এ ধরনের বিয়ে বন্ধে আইন প্রণয়নের বিষয়টি বিবেচনা করতে ভারত সরকারকে পরামর্শ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছে সর্বোচ্চ আদালত।

আদালতের পর্যবেক্ষণ, প্রয়োজনে স্কুলের পাঠ্যক্রমে বিষয়টি অন্তর্ভুক্ত করে কিংবা বিশেষ সচেতনতামূলক প্রচার চালিয়ে নাগরিকদের এ বিষয়ে সতর্ক করা যেতে পারে। তবে বিয়ে ব্যক্তিগত পছন্দ ও সিদ্ধান্তের বিষয়—এ কথাও স্বীকার করেছে আদালত। তাই এ ধরনের সিদ্ধান্ত নেয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।

বেঙ্গালুরুর এক আইনের শিক্ষার্থী রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছেন। তার যুক্তি, এ ধরনের বিয়ের কারণে ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের বিভিন্ন জিনগত সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এর মধ্যে জন্মগত শারীরিক ত্রুটি, ইন্দ্রিয়গত প্রতিবন্ধকতা, বিকাশজনিত অক্ষমতা, শিশুমৃত্যু ও অপুষ্টিসহ নানা জটিলতা দেখা দিতে পারে।
আবেদনকারী নিজেও রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে হওয়া এক দম্পতির সন্তান। জন্মগতভাবে তার দৃষ্টিশক্তি ৪০ শতাংশ কম। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি প্রশ্ন তুলেছেন, রক্তের সম্পর্কের মধ্যে বিয়ের কারণে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যঝুঁকি তৈরি হলে তা এড়াতে আইন করা হচ্ছে না কেন? কেনই বা ভারতের বিচারব্যবস্থায় এ ধরনের বিয়ের সুযোগ রয়েছে?

এনিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এ বিষয়ে পর্যবেক্ষণে জানিয়েছে, এ ধরনের বিয়ে নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই। এ বিষয়ে আইন প্রণয়নের এখতিয়ার সরকারের।

তবে উপযুক্ত আইন প্রণয়নের প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে ভারত সরকারকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। আদালত বলেছে, সরকারকে এ বিষয়ে কোনো নির্দেশ দেয়ার ক্ষমতা তাদের নেই। তবে বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করতে সরকারকে উৎসাহিত করতে পারে আদালত।
সুপ্রিম কোর্টের ভাষায়, ‘আমরা তাদের নির্দেশ দিতে পারি না। আমরা কেবল বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করার জন্য অনুপ্রাণিত করতে পারি।’