নেপাল প্রিমিয়ার লীগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার

নেপাল প্রিমিয়ার লীগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার

ফন্ট সাইজ:

নেপাল প্রিমিয়ার লীগের (এনপিএল) তৃতীয় আসরের ফাইনালে দায়িত্ব পালন করছেন দুই অভিজ্ঞ আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। আজ অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন আইসিসির আন্তর্জাতিক প্যানেলভুক্ত বাংলাদেশের এই দুই আম্পায়ার।

ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে থেকে ম্যাচ পরিচালনা করছেন গাজী সোহেল। অন্যদিকে, টেলিভিশন আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল। ম্যাচের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও সুষ্ঠু পরিচালনায় তাদের ভূমিকা থাকবে বিশেষ তাৎপর্যপূর্ণ। নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় এই টুর্নামেন্টের ফাইনালে এমন দায়িত্ব পাওয়াকে বাংলাদেশের আম্পায়ারদের জন্য উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবেও এই নিয়োগকে বিবেচনা করা হচ্ছে।

এদিকে, দুই আম্পায়ারের এই অর্জনে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স বিভাগ। এক বিবৃতিতে তারা বলে, ‘এনপিএল ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়ায় বাংলাদেশের আইসিসি আন্তর্জাতিক প্যানেল আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স বিভাগ।’