প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে

মীর শাহে আলম

প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে

ফন্ট সাইজ:

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার রংপুরে একটি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নতুন করে ভাবার সময় এসেছে, সংবিধান যেটি সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করে...সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটা করবে।’

তিনি বলেন, ‘এই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন আন্দোলনের পর একটি গণতান্ত্রিক ভোটের মাধ্যমে, অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেছে। এই বাংলাদেশ আর কারও তাঁবেদারি করবে না। এই দেশের জনগণের পক্ষে থাকবে, দেশের স্বাধীনতার পক্ষে থাকবে এবং লাল সবুজের পতাকার পক্ষে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যা যা করা প্রয়োজন, আমরা করব।’

জাতীয় সংসদের গত শেষ অধিবেশনের দিনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আপনারা লক্ষ করেছেন, পতিত, পরাজিত, নিষিদ্ধ ঘোষিত সংগঠন—তারা বাংলাদেশের দুএক জায়গায় দুএকটি পেট্রোল বোমা মেরে, দুএকটি থানা পুড়িয়ে দিয়ে মনে করেছে যে বাংলাদেশে অরাজকতা তৈরি করে এ দেশের মানুষের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং শহীদ আবু সাঈদের মতো যারা শহীদ হয়েছে, তাদের আত্মাকে বিসর্জন দিয়ে আবার নতুন করে একটা কিছু করবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল, গণতন্ত্রের প্রতি আস্থাশীল, এই কারণে কিছু বিষয় আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে...আগের সরকারের মতো গুম-হত্যা, গুলি চালিয়ে কিছু আমরা নির্মূল করতে চাই না, এই কারণে যা কিছু হয়েছে, আমরা ধৈর্য সহকারে মোকাবিলা করেছি।’