কয়েক মাসের জন্য মাঠের বাইরে হ্যারি কেইন

কয়েক মাসের জন্য মাঠের বাইরে হ্যারি কেইন

ফন্ট সাইজ:

বায়ার্ন মিউনিখের আক্রমণভাগে বড়সড় ধাক্কা। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে। শুক্রবার জার্মান বুন্ডেসলিগায় কোলনের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে গুরুতর এই চোট পান ৩৩ বছর বয়সী তারকা ফরোয়ার্ড।

ম্যাচের ২০ মিনিটের আগেই মাঠ ছাড়তে হয় কেইনকে। সতীর্থ মাইকেল ওলিসের নিচু ক্রস থেকে বল দখলের লড়াইয়ে কোলনের ডিফেন্ডার জোয়েল শ্মিডের সঙ্গে সংঘর্ষে জড়ান তিনি। শ্মিডের ফলো-থ্রুতে কেইনের বাঁ পায়ে আঘাত লাগে। যন্ত্রণায় মাঠেই কাতরাতে থাকেন ইংলিশ তারকা। প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুক্ষণ খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত দুই ফিজিওর সহায়তায় মাঠ ছাড়তে হয় কেইনকে।

পরে বায়ার্ন মিউনিখ এক বিবৃতিতে জানায়, কেইনের বাঁ পায়ের গোড়ালির সিন্ডেসমোসিস লিগামেন্ট ছিঁড়ে গেছে। ক্লাবের চিকিৎসক দলের পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে। তার সুস্থ হতে কয়েক মাস সময় লাগতে পারে।

কেইনের এই চোট বায়ার্নের জন্য বড় উদ্বেগের কারণ। ২০২৩ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে জার্মান ক্লাবটিতে যোগ দেয়ার পর ১৬১ ম্যাচে ১৫৬ গোল করেছেন তিনি। জিতেছেন দুটি বুন্ডেসলিগা শিরোপা ও জার্মান কাপ। গত মাসে ২৫ বছর পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়ের কৃতিত্বও অর্জন করেন তিনি। দুই সপ্তাহ আগে বায়ার্নের সঙ্গে ২০২৯ সালের জুন পর্যন্ত নতুন চুক্তি করেন এই স্ট্রাইকার।

এদিকে কেইনকে হারানোর পাশাপাশি ম্যাচেও পূর্ণ পয়েন্ট পায়নি বায়ার্ন। ১১ মিনিটে টটেনহ্যাম থেকে ধারে কোলনে খেলা মিকি মুরের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ৪০ মিনিটে টম বিসফের পাস থেকে নাথানিয়েল ব্রাউনের গোলে সমতায় ফেরে বায়ার্ন। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ পেলেও আর জালের দেখা পায়নি।

এই ড্রয়ের পরও ২২ পয়েন্ট নিয়ে বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে এক পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে বাভারিয়ানরা। ইউরোপের শীর্ষ পাঁচ লীগে এখনো অপরাজিত থাকার কৃতিত্বও ধরে রেখেছে দলটি। তবে কেইনের অনুপস্থিতিতে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে জার্মান জায়ান্টরা।