নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ নিয়ে প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।
এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নড়াইলের কালিয়া উপজেলা বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে তথ্য প্রচার হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূর্বে ধারণ করা ও এআই দিয়ে বানানো ভিডিওচিত্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষুণ্ণ করছে। বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নাই। পাশাপাশি কোনো হিন্দু পরিবারের ওপর হামলা বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা ঘটেনি।
আরও বলা হয়, গত ১৮ নভেম্বর আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে কালিয়া থানার বেন্দারচর স্লুইচ গেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির মিছিলে হামলা করে। এতে কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা নিহত হন। তাৎক্ষণিক অভিযানে ঘটনার সাথে জড়িত আসামি দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই হত্যাকাণ্ডের জের ধরে ২০ নভেম্বর বিকাল ৪ টা ৪৫ মিনিটের দিকে ভিকটিমদের বিক্ষুব্ধ আত্মীয়-স্বজন উত্তেজিত অন্যান্য লোকদের সঙ্গে নিয়ে আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হয়। হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কয়েকটি বাড়ীতে হামলা করে চলে যায়। তাৎক্ষণিক কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।
