ফ্যাসিবাদমুক্ত দেশকে বিশ্বে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত দেশকে বিশ্বে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর

ফন্ট সাইজ:

ফ্যাসিবাদমুক্ত বর্তমান দেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মুক্তিযোদ্ধাদের অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক যারা যেই উপাধিতে ভূষিত হয়েছিলেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব একজীবনে সবার পক্ষে অর্জন করা সম্ভব হয়ে ওঠে না। বীরমুক্তিযোদ্ধারা সে কারণেই অনন্য ও অসাধারণ।’

তিনি বলেন, ‘আজ যারা এই অনুষ্ঠানের উপস্থিত হয়েছেন, আপনাদের কেউ কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন কিংবা আপনাদের পরিবারের কেউ কেউ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আপনারা সবাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার। আপনাদেরকে জানাই বীরোচিত অভিনন্দন। লাখো মানুষের প্রাণের বিনিময়ে অসংখ্য মা-বোনের সন্তান সম্ভ্রমের বিনিময়ে, অনেক আহত মানুষের আর্তনাদ কিংবা পঙ্গুত্বের বিনিময়ে আজ আমাদের এই স্বাধীন বাংলাদেশ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নিজেও গর্বিত। আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব এবং সাফল্য আমাকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান তিনি নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য। এটিও সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়।’

মুক্তিযোদ্ধাদেরর কল্যাণে বিএনপি সরকারে অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত রাখতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দেশে ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করেছিলেন। প্রমাণিত হয়েছে, এটি ছিল একটি সময়োপযোগী সিদ্ধান্ত। ২০০২ সালে প্রণয়ন করা হয়েছিল ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’।’’

তারেক রহমান বলেন, ‘ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসের এই দিনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং স্বাধীনতাপ্রিয় দেশবাসীর কাছে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, বীর মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে আমাদের জন্য যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গিয়েছেন, ফ্যাসিবাদমুক্ত এই বর্তমান বাংলাদেশকে

বিশ্বের দরবারে একটি অনুকরণীয় এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।’