সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাদশাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা ২০টি প্লাস্টিকের চেয়ার এবং একটি টেবিল পুড়ে গেছে।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের ভেতরে হঠাৎ আগুন জ্বলতে দেখেন বাজার পাহারার দায়িত্বে থাকা দুইজন। পরে তারা চিৎকার দিলে আশপাশের লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সেলবরষ ইউনিয়ন বিএনপি সভাপতি তাহের উদ্দিন সোনা মিয়া বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন আত্মগোপনে থেকে কয়েকদিন ধরে ফেসবুক লাইভে এসে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তার নির্দেশেই আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসীরা দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে।’
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়েছে। এতে ভেতরে থাকা কিছু প্লাস্টিকের চেয়ার ও টেবিল পুড়ে গেছে।’
তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’
ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি
অনলাইন
২১ মিনিট আগে
২১ নভেম্বর (শনিবার), ২০২৬, ৯ঃ৩৬ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
