ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, ইউজিসি’র চেয়ারম্যান মামুন

ফন্ট সাইজ:

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সাতটি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে নিয়োগ দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানও। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব ঘোষণা দেন। এ সময় তিনি শিক্ষায় আমূল পরিবর্তনের কথা বলেন এবং শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে বলে জানান।

শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হয়েছেন অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মাহমুদ আল-ফোরকান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ড. রইস উদ্দিন, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যাপক ড. নুরুল ইসলাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান খান, খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন অধ্যাপক ড. মো. মাসুদ। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি’র) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মাসখানেক আগে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। এরপর গত ২২শে ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। এ সময় বিদায়ী ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী। পদত্যাগপত্র গ্রহণ করলেও তা কার্যকর করা হয়নি। নতুন ভিসি নিয়োগ পর্যন্ত তাকে দায়িত্ব পালনের কথা বলা হয়। ঐহিত্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর বর্তমান সভাপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবেও নেতৃত্ব দেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ভিসি হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন ভিসি হিসেবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ও চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি ড. মোহাম্মদ আল-ফোরকান। তিনি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যাপক। তিনি চবি’র উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে বিএসসি (সম্মান) ও এমএস ডিগ্রি অর্জন করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও জবি শিক্ষক সমিতির বর্তমান সভাপতি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি এর আগে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছরের এপ্রিল মাসে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হয়েছিল। এবার তাকে ফের বিশ্ববিদ্যালয়টির ভিসি হিসেবে নিয়োগ দেয়ার কথা জানালেন শিক্ষামন্ত্রী। গত বছরের ১৮ই ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হন। এরই প্রেক্ষিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাকে সরিয়ে দেয়া হয়েছিল।

এদিকে ইউজিসি’র চেয়ারম্যান হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। এদিনই ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কমিশনের চেয়ারম্যানের পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া অধ্যাপক ড. মামুন আহমেদ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক এই সাধারণ সম্পাদক অধ্যাপক বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবেও নেতৃত্ব দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের সভাপতিও ছিলেন।

Md. Moshiur Rahman

৪ মাস আগে

রাজাকার, আলবদর, সমাস্ যুদ্ধাপরাধী মুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করার লক্ষে সরকারের যা যা করণীয় তাই করা উচিত। রাজাকারের দোসর'রা যেখানে যেকানে আছে খুঁজে বের করে তাঁদের হাত থেকে শিক্ষাঙ্গন মুক্ত রাখা অত্যন্ত জরুরি।

মন্তব্য করুন