বিশ্বজুড়ে ক্রমবর্ধমান প্লাস্টিক বর্জ্য সংকট মোকাবেলায় নতুন সমাধান হতে পারে খাদ্যোপযোগী মোড়ক। বিশেষজ্ঞরা জানান, সামুদ্রিক শৈবাল বা সিউইড দিয়ে তৈরি এই মোড়ক প্লাস্টিকের বিকল্প হিসেবে বড় ভূমিকা রাখতে পারে। ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে বিশ্বে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ দ্বিগুণ হয়েছে। স্থল থেকে সমুদ্র সর্বত্রই প্লাস্টিক একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। প্লাস্টিক দূষণ কমাতে কি পদক্ষেপ নেয়া যায় তা নিয়ে ভাবছেন বিজ্ঞানীরা। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
গত মাসে বৃটেনের নর্দাম্পটনশায়ারের ‘নোবটল’ নামের ছোট্ট গ্রামে একটি পরীক্ষামূলক প্রকল্প চালানো হয়। পরিবেশবান্ধব প্যাকেজিং নির্মাতা প্রতিষ্ঠান ‘নটপ্লা’ এবং পানীয় নির্মাতা ‘ইনোসেন্ট’ যৌথভাবে সেখানে বোতল ছাড়াই খাওয়ার উপযোগী পডে আদার পানীয় (জিঞ্জার শট) বিতরণ করে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই এটি পছন্দ করেছেন। স্মিথার্সের এক গবেষণায় বলা হয়েছে, ২০২৫ সালে বৈশ্বিক প্যাকেজিং বর্জ্য ৪৩ কোটি ৪৫ লাখ টনে এবং ২০৩০ সালের মধ্যে ৫২ কোটি ৫০ লাখ টনে পৌঁছাবে। মোট প্লাস্টিক বর্জ্যের প্রায় ৪০ শতাংশই আসে প্যাকেজিং থেকে, যার মাত্র ২৭ দশমিক ৯ শতাংশ ২০২৪ সালে পুনর্ব্যবহার (রিসাইকেল) করা হয়েছে।
পরিবেশ নিয়ে ভোক্তাদের উদ্বেগের কারণে খাদ্যোপযোগী মোড়কের বাজার বাড়ছে। ২০২৪ সালে এই বাজারের আকার ছিল ১০৪ কোটি ডলার বা প্রায় ১২ হাজার ৮৯৪ কোটি টাকা, যা ২০৩৩ সালের মধ্যে ১৮৪ কোটি ডলার বা প্রায় ২২ হাজার ৮১২ কোটি টাকায় পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এর বড় চ্যালেঞ্জ হলো উৎপাদন খরচ, সংরক্ষণ ও পরিবহন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস ইলিয়ট জানান, অপচনশীল প্লাস্টিকের বাজার ২৬ হাজার ৫০০ কোটি ডলারের। এর তুলনায় খাদ্যোপযোগী মোড়কের বাজার এখনো অনেক ছোট এবং নির্মাতারা বাড়তি খরচ করতে আগ্রহী নন।
নটপ্লা ছাড়াও বুলগেরীয় স্টার্টআপ ‘কাপফি’ বিশ্বের প্রথম খাবারযোগ্য কফি কাপ তৈরি করেছে, যা ৮৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কফি ধরে রাখতে পারে। এছাড়া ‘জ্যাম্পলা’ মটরশুঁটির প্রোটিন থেকে খাদ্যোপযোগী ফিল্ম তৈরি করছে। নটপ্লার সহ-প্রতিষ্ঠাতা রদ্রিগো গার্সিয়া গঞ্জালেজ জানান, সামুদ্রিক শৈবাল খুব দ্রুত বাড়ে—কিছু প্রজাতি দিনে ৬০ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে এবং এটি একটি পাতার চেয়েও দ্রুত মাটিতে মিশে যায়। তবে সুপারমার্কেটে এ ধরনের পণ্য মাত্র তিন দিন ভালো থাকে, যেখানে বোতলে তা কয়েক সপ্তাহ রাখা যায়।
যদিও পরিবেশবাদীদের একটি অংশ মনে করেন, প্লাস্টিক সংকটের চূড়ান্ত সমাধান কেবল বিকল্প মোড়ক নয়, বরং একবার ব্যবহার করে ফেলে দেয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা। ‘আ প্লাস্টিক প্ল্যানেট’-এর সহ-প্রতিষ্ঠাতা সিয়ান সাদারল্যান্ড জানান, খাদ্যোপযোগী মোড়ক আকর্ষণীয় হলেও দীর্ঘমেয়াদে এর বাস্তবতা নিয়ে তিনি সন্দিহান। কারণ মোড়কের মূল কাজ হলো বাইরের ময়লা থেকে খাবারকে রক্ষা করা; তাই পরিবহন ও দোকানের তাকে থাকার পর সেই মোড়ক খেতে মানুষ দ্বিধাবোধ করতে পারে। তবুও প্লাস্টিক থেকে দূরে সরিয়ে নেয়ার যেকোনো উদ্ভাবনকেই স্বাগত জানিয়ে তিনি এতে সরকারি সহায়তার আহ্বান জানান।
