ভারতে ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে মুসলিমদের লক্ষ্যবস্তু করায় মার্কিন ধর্মীয় স্বাধীনতা প্যানেল তীব্র সমালোচনা করেছে। বৃহস্পতিবার ধর্মীয় স্বাধীনতা বিষয়ক একটি মার্কিন প্যানেল জানিয়েছে, ভোটার তালিকা সংশোধনের সময় ভারত ধর্মীয় সংখ্যালঘুদের ওপর তার লক্ষ্যবস্তু করার মাত্রা বাড়িয়েছে। ফলে দেশজুড়ে কয়েক কোটি নাম বাদ পড়েছে। মার্কিন প্যানেলের একজন কমিশনার জিন মিলস স্টেট ডিপার্টমেন্টকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ভারতকে চিহ্নিত করতে অনুরোধ করেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনকে (ইউএসসিআইআরএফ) পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দিয়েছে। নয়াদিল্লি বারবার এই ধরনের সমালোচনা প্রত্যাখ্যান করেছে এবং এটিকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে অভিহিত করেছে।
ইউএসসিআইআরএফ মার্কিন সরকারের একটি দ্বিদলীয় সংস্থা—যা বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষণ করে এবং নীতিগত সুপারিশ করে, যা বাধ্যতামূলক নয়। তবে ওয়াশিংটন ভারতের বিষয়ে এর সাম্প্রতিক সুপারিশগুলোর ওপর কোনো পদক্ষেপ নেয়নি।
মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের (ইউএসসিআইআরএফ) চেয়ারম্যান আসিফ মাহমুদ এক বিবৃতিতে বলেছেন, ‘ভারত সরকার মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে, তাদের 'বিদেশি’ আখ্যা দিয়ে এবং এখন অবৈধভাবে নির্বাসিত করে তাদের লক্ষ্যবস্তু করছে।‘
ভারতের ভোটার তালিকা সংশোধনে ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে, যা প্রায় মেক্সিকোর জনসংখ্যার সমান। এটি দেশটির ইতিহাসে ভোটার তালিকা থেকে সবচেয়ে বড় আকারের বাদ দেওয়ার ঘটনা।
তথ্য থেকে দেখা গেছে, এই বাদ পড়ার ঘটনাটি ভারতের বৃহত্তম সংখ্যালঘু মুসলিমদের ওপর অসামঞ্জস্যপূর্ণভাবে প্রভাব ফেলেছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকে মুসলিমরা মানবাধিকার সংস্থাগুলোর ভাষায়—বর্জনমূলক নীতি এবং ক্রমবর্ধমান বৈষম্যের শিকার হয়ে আসছে।
মার্কিন প্যানেলের একজন কমিশনার জিন মিলস বলেছেন, "মুসলিম ধর্মবিশ্বাসের ভিত্তিতে ভারত সরকারের নিজ দেশের নাগরিকদের বহিষ্কার করার এই পদক্ষেপটি ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে নেওয়া কৌশলের এক মর্মান্তিক বাড়াবাড়ি।"
ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে যে, তারা ভুয়া, মৃত, স্থানান্তরিত এবং অন্য কোনোভাবে অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দিয়েছে এবং ভুলবশত বাদ পড়া যে কেউ আপিল করতে পারবেন।
ভারতে ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের লক্ষ্যবস্তু করায় মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশনের তোপ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
৩১ মিনিট আগে
২০ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ৪ঃ১৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
