আজ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। জন্মদিন কেবল ব্যক্তিগত আনন্দ, শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর উপলক্ষ নয়; একজন রাষ্ট্রনায়কের জীবনে এমন দিন তাঁর অর্জন, দায়িত্ব, রাজনৈতিক দর্শন এবং ভবিষ্যৎ অঙ্গীকার নিয়ে নতুন করে ভাবারও সুযোগ সৃষ্টি করে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা, আন্দোলন সংগ্রাম এবং নানা চড়াই উৎরাই পেরিয়ে তিনি আজ দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে। তাঁর জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কামনা করি, তাঁর নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক।
সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সামাজিক সুরক্ষা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতের বিভিন্ন উদ্যোগ জনমনে আশাবাদ সৃষ্টি করেছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিম্ন আয়ের পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘদিন ধরে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রকৃত দরিদ্র মানুষের বঞ্চিত হওয়া, রাজনৈতিক প্রভাব এবং অনিয়মের অভিযোগ রয়েছে। ফ্যামিলি কার্ডের সুবিধা বণ্টনে স্বচ্ছতা, প্রকৃত উপকারভোগী শনাক্তকরণ এবং জবাবদিহি নিশ্চিত করা গেলে কর্মসূচিটি দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
কৃষকদের জন্য কৃষক কার্ড, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা এবং কৃষিঋণসংক্রান্ত উদ্যোগও প্রশংসার দাবি রাখে। বাংলাদেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনীতির অন্যতম ভিত্তি কৃষি। অথচ উৎপাদন খরচ বৃদ্ধি, সারের মূল্য, সেচের ব্যয় এবং ফসলের ন্যায্যমূল্য না পাওয়া কৃষকদের দীর্ঘদিনের সমস্যা। কৃষক কার্ড যেন কেবল পরিচয়পত্রে সীমাবদ্ধ না থাকে। এর মাধ্যমে কৃষি উপকরণ, ঋণ, সেচ ও বাজারজাতকরণে কার্যকর সহায়তা নিশ্চিত করতে হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা জরুরি।
শিক্ষা ও স্বাস্থ্য খাতেও সরকারের বিভিন্ন উদ্যোগ ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে। নারীদের উচ্চশিক্ষায় সুযোগ সম্প্রসারণ, প্রাথমিক বিদ্যালয়ে মধ্যাহ্নভোজ কর্মসূচি, অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের পাওনা পরিশোধ এবং স্বাস্থ্যসেবার আওতা বাড়ানোর পরিকল্পনা গুরুত্বপূর্ণ। ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদানের উদ্যোগ সামাজিক স্বীকৃতির দৃষ্টিকোণ থেকেও প্রশংসনীয়। পাশাপাশি খাল খনন ও পুনঃখনন, বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণের কর্মসূচি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। এসব উদ্যোগের প্রকৃত সাফল্য নির্ভর করবে সুষ্ঠু বাস্তবায়ন ও সাধারণ মানুষের কাছে সুফল পৌঁছানোর ওপর।
তবে সরকারের সামনে এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা, দুর্নীতি দমন এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করতে হবে। তরুণ জনগোষ্ঠীর জন্য মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং কারিগরি শিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে যুক্ত করা জরুরি। শিল্পায়নকে ঢাকাকেন্দ্রিক না রেখে বিভাগীয় শহর ও জেলা পর্যায়ে সম্প্রসারণ করতে হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, রপ্তানি বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান যেন কেবল রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ না থাকে; সরকারি নিয়োগ, প্রকল্প বাস্তবায়ন, ক্রয় ও সেবা প্রদানের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে।
এসব জাতীয় অগ্রাধিকারের পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখা। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় প্রায়ই দেখা যায়, কোনো নেতা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তাঁকে ঘিরে বিশেষ সুবিধাভোগী গোষ্ঠী গড়ে ওঠে। এই গোষ্ঠী ধীরে ধীরে নেতার কাছে নিজেদের অপরিহার্য হিসেবে প্রতিষ্ঠা করে। কে তাঁর সঙ্গে দেখা করবেন, কার বক্তব্য তাঁর কাছে পৌঁছাবে, কোন তথ্য তাঁকে জানানো হবে এবং কোন সিদ্ধান্ত কীভাবে উপস্থাপিত হবে, সেসব নিয়ন্ত্রণ করতে শুরু করে। একপর্যায়ে নেতা তৃণমূলের নেতাকর্মী, সাধারণ মানুষ এবং বাস্তব পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এমন বলয় যেকোনো রাজনৈতিক নেতৃত্বের জন্য বিপজ্জনক।
তারেক রহমানের কাছে প্রত্যাশা, তাঁর চারপাশে এমন কোনো একচেটিয়া বলয় গড়ে উঠতে দেবেন না, যা তাঁকে দলের পরীক্ষিত নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী কর্মী, স্থানীয় পর্যায়ের নেতৃত্ব, পেশাজীবী এবং সাধারণ নাগরিকদের বক্তব্য শোনার নিয়মিত ব্যবস্থা থাকা প্রয়োজন। শুধু প্রশংসা শোনার পরিবেশ নয়, গঠনমূলক সমালোচনা গ্রহণের মানসিকতাও নেতৃত্বের মধ্যে থাকতে হবে। কারণ সমালোচনা নেতৃত্বকে দুর্বল করে না; ভুল সিদ্ধান্ত সংশোধন এবং জনআস্থা বৃদ্ধিতে সহায়তা করে। একজন প্রধানমন্ত্রীর পাশে এমন মানুষ থাকা প্রয়োজন, যাঁরা প্রয়োজন হলে নির্ভয়ে ভুলের কথা বলতে পারবেন।
অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের এই নীতি বিশেষভাবে প্রয়োগ করা প্রয়োজন দেশের উচ্চশিক্ষা খাতে। বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান কেবল ডিগ্রি প্রদানের কেন্দ্র নয়; এগুলো জাতির চিন্তা, বিবেক, সৃজনশীলতা, গবেষণা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির গুরুত্বপূর্ণ ক্ষেত্র। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কোনো বিশেষ প্রশাসনিক ও ব্যক্তিগত গোষ্ঠী কর্তৃত্ব প্রতিষ্ঠা করলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। মেধাবী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা প্রান্তিক হয়ে পড়বেন। যোগ্যতা, গবেষণা ও একাডেমিক অবদানের পরিবর্তে ব্যক্তিগত আনুগত্য এবং বিশেষ মহলের পছন্দ নিয়োগ, পদোন্নতি ও প্রশাসনিক দায়িত্ব নির্ধারণের মানদণ্ড হয়ে উঠবে। ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীন চিন্তা, জ্ঞানচর্চা ও গবেষণার পরিবেশ ধ্বংস হবে।
বিশেষভাবে মনে রাখতে হবে, পুরোনো গোষ্ঠীতন্ত্রের জায়গায় নতুন গোষ্ঠীতন্ত্র প্রতিষ্ঠা কোনো সংস্কার নয়। রাজনৈতিক পরিবর্তনের পর বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন নামে ব্যক্তিগত গোষ্ঠীর আধিপত্য তৈরি হলে উচ্চশিক্ষার কোনো প্রকৃত উন্নতি হবে না। উপাচার্য, উপউপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন এবং বিভাগীয় প্রধান নিয়োগে যোগ্যতা, অভিজ্ঞতা, সততা ও একাডেমিক অবদানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে গবেষণার মান, প্রকাশনা, পাঠদানের দক্ষতা এবং প্রাতিষ্ঠানিক অবদান মূল্যায়নের ভিত্তি হওয়া উচিত। কোনো শিক্ষকের অন্য কোনো পরিচয় যেন তাঁর পেশাগত মূল্যায়নে প্রভাব না ফেলে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দখলদারত্ব, ভয়ভীতি, চাঁদাবাজি, সহিংসতা ও আধিপত্যের অবসান ঘটাতে হবে। শিক্ষার্থীরা যেন নির্ভয়ে পড়াশোনা, গবেষণা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। গবেষণায় অর্থায়ন, আধুনিক গবেষণাগার, শিক্ষক প্রশিক্ষণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক জোরদার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন রক্ষা করে একাডেমিক সিদ্ধান্ত গ্রহণে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিতে হবে। সরকারের দায়িত্ব হবে প্রয়োজনীয় অর্থায়ন, নীতিগত সহায়তা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা; বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতার ওপর অযাচিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা নয়। উচ্চশিক্ষা ধ্বংস হলে তার ক্ষতি কেবল কয়েকটি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না; পুরো জাতি দীর্ঘমেয়াদে মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি হারাবে।
গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্নমতকে সম্মান করা এবং সমালোচনাকে গুরুত্ব দেওয়া। বিরোধী দলের রাজনৈতিক অধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং নাগরিক অধিকার রক্ষা করতে হবে। একটি শক্তিশালী সরকার মানে এমন সরকার নয়, যেখানে কেউ প্রশ্ন করতে পারে না; শক্তিশালী সরকার হচ্ছে সেই সরকার, যে প্রশ্নের জবাব দিতে পারে এবং ভুল সংশোধনের সাহস রাখে। একই সঙ্গে সরকারের ইতিবাচক কর্মসূচিগুলোকে দলীয় সাফল্যের প্রচারণায় সীমাবদ্ধ না রেখে জাতীয় কর্মসূচিতে পরিণত করতে হবে, যাতে ভবিষ্যতে সরকার পরিবর্তন হলেও এসব উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকে।
জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তাই আন্তরিক শুভেচ্ছার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ প্রত্যাশা জানাতে চাই। আপনার চারপাশে এমন কোনো সুবিধাভোগী বলয় গড়ে উঠতে দেবেন না, যা আপনাকে তৃণমূলের নেতাকর্মী, সাধারণ মানুষ এবং দেশের প্রকৃত সমস্যা থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। একইভাবে উচ্চশিক্ষা খাতে নতুন কোনো একচেটিয়া গোষ্ঠীর জন্ম হতে দেবেন না, যারা বিশ্ববিদ্যালয়কে নিজেদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে পরিণত করবে। রাষ্ট্রের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর মতো বিশ্ববিদ্যালয়েও প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহি, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ।
একজন নেতার প্রকৃত সাফল্য তাঁর চারপাশে কত মানুষ সমবেত হয়েছেন, তা দিয়ে নির্ধারিত হয় না; নির্ধারিত হয় তাঁর নেতৃত্বে কত মানুষের জীবন বদলেছে, কত প্রতিষ্ঠান শক্তিশালী হয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি কেমন রাষ্ট্র রেখে যেতে পেরেছেন, তা দিয়ে। তারেক রহমানের সামনে সেই ঐতিহাসিক সুযোগ রয়েছে। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মময় জীবন ও সাফল্য কামনা করি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এমন রাষ্ট্রে পরিণত হোক, যেখানে কৃষক ন্যায্যমূল্য পাবেন, দরিদ্র পরিবার সামাজিক নিরাপত্তা পাবে, তরুণেরা কর্মসংস্থান পাবেন, শিক্ষক ও গবেষকেরা মর্যাদা পাবেন এবং বিশ্ববিদ্যালয় থাকবে সব ধরনের সংকীর্ণ গোষ্ঠীতন্ত্রের প্রভাবমুক্ত। ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতার পরিবর্তে প্রতিষ্ঠানকেন্দ্রিক রাষ্ট্র গঠনই হোক তাঁর নেতৃত্বের স্থায়ী স্বাক্ষর। শুভ জন্মদিন, প্রধানমন্ত্রী। আপনার জন্য শুভকামনা এবং দেশের জন্য রইল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও জ্ঞানসমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা।
লেখক: প্রফেসর, পরিসংখ্যান বিভাগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
