শেয়ারবাজারে অভিষেকে একদিনেই কোটিপতি অ্যানথ্রপিকের প্রায় সব কর্মী

শেয়ারবাজারে অভিষেকে একদিনেই কোটিপতি অ্যানথ্রপিকের প্রায় সব কর্মী

ফন্ট সাইজ:

অ্যানথ্রপিকের প্রায় সব কর্মী রাতারাতি মিলিয়নিয়ার বা কোটিপতি বনে গেছেন। শেয়ারবাজারে অভিষেকের প্রথম দিনেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই প্রতিষ্ঠান রেকর্ড অর্থমূল্যে পৌঁছায়। নাসডাকে লেনদেনের প্রথম দিনে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ১ দশমিক ৭৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। বাজার নিয়ন্ত্রক সংস্থার নথি অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ছিল ৫ হাজার ৩০০ জন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।

ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানের শেয়ার পর্যবেক্ষণকারী সংস্থা হিল ডটকমের তথ্য অনুযায়ী, অ্যানথ্রপিক তাদের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রতিটি শেয়ারের দাম ৮৩ ডলার বা প্রায় ১০ হাজার ২৯০ টাকা নির্ধারণ করে। এর ফলে প্রায় ৬০০ কর্মী ‘সেন্টি-মিলিয়নিয়ার’ ক্লাবে প্রবেশ করেছেন, যাদের শেয়ারের মূল্য ১০ কোটি ডলার বা প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকার বেশি। এছাড়া প্রায় ২ হাজার ৮০০ কর্মীর শেয়ারের মূল্য ১ কোটি ডলার বা প্রায় ১২৪ কোটি টাকার ওপরে। আর প্রায় ৫ হাজার ১০০ কর্মী—অর্থাৎ মোট কর্মীর ৯৬ শতাংশেরই শেয়ারের মূল্য ১০ লাখ ডলার বা প্রায় ১২ কোটি ৪০ লাখ টাকার বেশি।

হিল ডটকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অ্যান্ড্রু বেনসন বৃহস্পতিবার সিএনএনকে জানান, সবচেয়ে অবাক করার বিষয় হলো এটি কত দ্রুত ঘটেছে। অ্যানথ্রপিক থেকে কর্মী ঝরে পড়ার হার খুবই কম ছিল। কারণ কর্মীরা জানতেন প্রতিষ্ঠানটি দ্রুত এগোচ্ছে এবং এটি ছেড়ে গেলে বড় সুযোগ হাতছাড়া হবে। সিলিকন ভ্যালির স্টার্টআপগুলোতে নগদ বেতনের পাশাপাশি শেয়ার দেয়া সাধারণ বিষয় হলেও অ্যানথ্রপিকের মতো এত দ্রুত ও বড় পরিসরে খুব কম প্রতিষ্ঠানই বেড়ে উঠেছে।

২০২১ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটিতে ২০২৪ সালের শেষের দিকেও কর্মী সংখ্যা ছিল ১ হাজারের কম। বেনসন জানান, স্টার্টআপের ক্ষেত্রে বড় পদের চেয়ে আগে যোগ দেয়া বেশি গুরুত্বপূর্ণ। ২০২৩ বা ২০২৪ সালে যারা নিচের পদে যোগ দিয়েছেন, তারা চলতি বছর যোগ দেয়া জ্যেষ্ঠ কর্মকর্তাদের চেয়ে অনেক বেশি লাভবান হয়েছেন।

তুলনামূলকভাবে স্পেসএক্স গত জুনে আইপিওতে আসার আগে দুই দশকের বেশি সময় ধরে ব্যক্তিগত মালিকানাধীন ছিল। ওই অভিষেকে ২২ হাজার কর্মীর মধ্যে প্রায় ৪ হাজার ৪০০ জন মিলিয়নিয়ার হয়েছিলেন।
অ্যানথ্রপিকের আইপিও আরেকটি দিক থেকে ব্যতিক্রম। সাধারণত আইপিওর পর তিন থেকে ছয় মাসের ‘লকআপ’ সময় থাকে, যখন কর্মীরা শেয়ার বিক্রি করতে পারেন না। তবে অ্যানথ্রপিকের জটিল সময়সূচির আওতায় প্রতিষ্ঠাতা নন এমন কর্মীরা প্রথম দিনেই তাদের শেয়ারের ১০ শতাংশ পর্যন্ত বিক্রি করার সুযোগ পেয়েছেন।

স্পেসএক্সের কর্মীরা টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় ছড়িয়ে থাকলেও অ্যানথ্রপিকের কর্মীরা মূলত সান ফ্রান্সিসকোতে বসবাস করেন। ফলে নতুন এই কোটিপতিদের ভিড়ে সান ফ্রান্সিসকোর আবাসন বাজারে চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেডফিনের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে শহরটিতে একটি সাধারণ বাড়ির দাম ছিল ১৭ লাখ ডলার বা প্রায় ২১ কোটি ৮ লাখ টাকা, যা এক বছর আগের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি। অথচ একই সময়ে যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে বাড়ির গড় দাম ছিল ৪ লাখ ১৬ হাজার ৭০০ ডলার বা প্রায় ৫ কোটি ১৭ লাখ টাকা।