চাঁদপুরের মতলব উত্তরে আবারও বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের দরজা, মেঝের কিছু অংশ এবং বাইরে থাকা ব্যানারের একাংশ পুড়ে গেছে। গতকাল দিবাগত রাতে উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে গত ১১ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেয়। এতে কার্যালয়ের বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন
চাঁদপুর সংবাদদাতা
অনলাইন
১৬ মিনিট আগে
২০ নভেম্বর (শুক্রবার), ২০২৬, ২ঃ৩২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
