অল্পের জন্য রক্ষা পেল ঋতুপর্ণা

অল্পের জন্য রক্ষা পেল ঋতুপর্ণা

ফন্ট সাইজ:

উৎসবের আমেজের মধ্যেই হঠাৎ দুর্ঘটনা। বিকট শব্দে কেঁপে উঠল কলকাতায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়ির সামনের এলাকা। বাইরে বেরিয়ে এসে নিজের বিলাসবহুল গাড়ির বেহাল দশা দেখে হতবাক অভিনেত্রী। বাড়ির সামনে পার্ক করা গাড়িটিতে সজোরে ধাক্কা মারে একটি ম্যাটাডোর। তবে দুর্ঘটনার সময় বাড়ির ভেতরে থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তিনি। ঋতুপর্ণার ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ঘটে এ দুর্ঘটনা। ম্যাটাডোরের ধাক্কায় তার গাড়ির বাঁ পাশের পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই ঘটনায় তার এক বন্ধুর গাড়িও ক্ষতির মুখে পড়ে। দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে তিনি ও বাড়ির কর্মীরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তখনই দেখতে পান, একটি ম্যাটাডোর তার বাড়ির সামনে রাখা গাড়িতে ধাক্কা দিয়েছে। ওই সময় গাড়ির আশপাশে কোনো মানুষ থাকলে দুর্ঘটনাটি প্রাণঘাতী হতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। ঘটনার পর ম্যাটাডোরের চালককে পালিয়ে যাওয়া ঠেকাতে গাড়ির চাবি নিজেদের হেফাজতে নেন তারা। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, চালক ওই গাড়ির অনুমোদিত চালক নন। পেশায় তিনি একজন ক্যাটারিং কর্মী। তার কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্সও ছিল না বলে অভিযোগ করেন ঋতুপর্ণা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, কোনো ধরনের অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়া বাণিজ্যিক গাড়ি চালানো অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ। এমন আচরণ যেকোনো সময় বড় দুর্ঘটনা কিংবা প্রাণহানির কারণ হতে পারে।