ভারতের কর্পোরেট সংস্থা সমূহের মুনাফা পকেটস্থ করার তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যবসায়িক নেতাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে মোদি বলেন, আপনাদের ক্ষুধা এতোটাই, কর্পোরেট কর হ্রাসের মুনাফা পকেটস্থ করছেন এবং কর্মসংস্থান সৃষ্টি বা মজুরি বৃদ্ধির জন্য কিছুই করছেন না। মোদি আরও বলেন, সরকার ১২ লক্ষ রুপি পর্যন্ত আয়কে করমুক্ত করেছে, কিন্তু বেসরকারি খাত এই পদক্ষেপের প্রশংসা করেনি।
ভারতের কর্পোরেট সংস্থাসমুহের তীব্র সমালোচনা করে বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে সরকারের কর ছাড়ের সমস্ত সুবিধা আত্মসাৎ করার এবং কর্মসংস্থান সৃষ্টি বা মজুরি বৃদ্ধি না করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষোভ প্রকাশ করেছেন। শিল্প সংস্থা সমূহের সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ তাদের শতবর্ষ পালনের অনুষ্ঠান করছে।
মোদি বলেন, সরকার ২০১৪ সালে কর্পোরেট করের হার ৩০% থেকে কমিয়ে ২০১৯ সালে ২২% করেছে এবং ১২ লক্ষ টাকা পর্যন্ত বেতনের উপর আয়কে করমুক্ত করেছে। তবে, কর্পোরেট সংস্থাগুলো এই পদক্ষেপগুলোর সাথে তাল মেলায়নি। তিনি প্রশ্ন তোলেন, এভাবেই কি পরিস্থিতি চলতে থাকবে।
ব্যবসা করার সুবিধার্থে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা বলতে গিয়ে মোদি ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে বলেছেন, ‘মুঝে মালুম হ্যায় তালি নেহি বাজাওগে। আচ্ছি তরাহ জানতা হুঁ কিউঙ্কি আপকি ভুখ ইতনি হ্যায়, কিতনা হি খেলাও, পেট ভরতা নেহি হ্যায় (আমি জানি আপনারা হাততালি দেবেন না। আমি তা খুব ভালো করেই জানি, কারণ আপনাদের ক্ষুধা এতটাই বিশাল যে, আপনাদের যতই দেওয়া হোক না কেন, তা কখনোই যথেষ্ট হয় না)।’
আপনারা কি আপনাদের কর্মচারীদের বেতন বাড়িয়েছেন? আপনারা কি কর্মী সংখ্যা বাড়িয়েছেন? না। আপনাদের মনোভাব হলো: 'মোদিজি, আপনি করুন। আমরা শুধু দেখব', মোদি প্রশ্ন তুলে বলেন, "এভাবেই কি সব চলতে থাকবে?’ গত এক দশকে ভারতে প্রকৃত মজুরি বৃদ্ধি হয় স্থবির হয়ে পড়েছে অথবা হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মানসম্মত কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাত যথেষ্ট ভূমিকা রাখছে না এবং বেশিরভাগ কর্মসংস্থানই গিগ ইন্ডাস্ট্রিতে তৈরি হচ্ছে।
সরকার যখন কর্পোরেট কর কমিয়েছিল, তখন তারা আশা করেছিল যে বেসরকারি খাত কর্মসংস্থান সৃষ্টি করবে এবং মজুরি বাড়াবে, কিন্তু সেই সুফল জনগণের কাছে পৌঁছায়নি। এর পরিবর্তে ভারতে যা দেখা গেল তা হলো, কর্পোরেট কর থেকে প্রাপ্ত আয়কে ছাড়িয়ে গেল আয়করের অংশ, এমনকি যখন মধ্যবিত্ত শ্রেণি উচ্চ মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করছিল। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও ক্ষতিগ্রস্ত করেছে, কারণ ভারতের জিডিপির ৬১.৫ শতাংশই আসে পারিবারিক খরচ থেকে।
পারিবারিক খরচ বাড়াতে সরকার কীভাবে তার ভূমিকা পালন করছে সে সম্পর্কে বলতে গিয়ে মোদি বলেন, ‘আমরা আয়করে এত বড় ছাড় দেওয়ার মতো সাহসী পদক্ষেপ নিয়েছি। এটি আমাদের জনগণের ক্রয়ক্ষমতা যথেষ্ট পরিমাণে বাড়িয়েছে।’
মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস-এর জুন ২০২৬-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কর্পোরেট মুনাফা অর্থনীতির তুলনায় যথেষ্ট দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে। ২০২০-২৬ অর্থবর্ষের মধ্যে নিফটি-৫০০-এর আয় ২৮.৭% বার্ষিক বৃদ্ধির হারে প্রসারিত হয়েছে, যেখানে দেশের জিডিপির চক্রবৃদ্ধি বার্ষিক বৃদ্ধির হার ছিল ৯.৫%। এই লাভের পাশাপাশি, সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় সংস্থাগুলির বহির্মুখী প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
