জর্জিয়ায় আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে নিহত ৬

জর্জিয়ায় আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে নিহত ৬

ফন্ট সাইজ:

জর্জিয়ার রাজধানী তিবলিসিতে একটি পাঁচতলা আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। বিস্ফোরণের ফলে ভবনটির একাংশ ধসে পড়ে। বৃহস্পতিবার সকালে শহরতলির পনিচালা এলাকায় এই ঘটনা ঘটে। এতে ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন বাসিন্দা আটকা পড়েন। এই খবর দিয়েছে আল জাজিরা।

জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সুলখান তামাজাশভিলি জানান, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে এক ছোট শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করেছেন। কয়েক ঘণ্টার উদ্ধার অভিযানের পর ধ্বংসস্তূপ থেকে তিন বছর বয়সী এক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী তামাজাশভিলি জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পঞ্চম তলায় একজন বাসিন্দা গ্যাস হিটার চালু করার চেষ্টা করলে এই বিস্ফোরণ ঘটে। তবে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিবলিসি এনার্জি জানায়, বিস্ফোরণের সম্ভাব্য উৎস হিসেবে চিহ্নিত অ্যাপার্টমেন্টটি খালি হিসেবে নিবন্ধিত ছিল এবং গত এক বছরে সেখানে কোনো গ্যাস ব্যবহৃত হয়নি।

তিবলিসির মেয়র খাখা কালাদজে জানান, প্রকৌশলীরা ভবনটির দুটি অংশকে অনিরাপদ ঘোষণা করায় কর্তৃপক্ষ ১০০ জনের বেশি বাসিন্দাসহ ২৮টি পরিবারকে সাময়িকভাবে হোটেলে স্থানান্তর করবে। অন্যদিকে, নিরাপত্তা বিধি লঙ্ঘনের সম্ভাব্য অভিযোগে একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে বলে জানান প্রসিকিউটর লেভান ভেপখভাদজে।