সেনেগাল উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, চারজনের মরদেহ উদ্ধার

সেনেগাল উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, চারজনের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

সেনেগাল উপকূলে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিবাসীবাহী একটি নৌকা ডুবে তাদের মৃত্যু হয়। জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ খবর দিয়েছে আল জাজিরা।

বুধবার ডাকারের দক্ষিণে উপকূলীয় শহর ইয়েনের কাছে নৌকাটি ডুবে যায়। অলাভজনক সংস্থা হরাইজনস স্যান্স ফ্রন্টিয়ার্সের সভাপতি বুবাকার সেয়ে বৃহস্পতিবার চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় এক কর্মকর্তা জানান, নৌকাটিতে অন্তত ৫০ জন আরোহী ছিলেন। ছোট মাছ ধরার নৌকা থেকে বড় একটি কাঠের নৌকায় ওঠার সময় সেটি পাথরের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়। এখনো ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা স্পষ্ট নয়।

পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার প্রবণতা সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে বেড়েছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বরের মধ্যে ২৪ হাজার ৩৬৪ জন অভিবাসী সেখানে পৌঁছেছেন, যা গত বছরের তুলনায় প্রায় দুই-তৃতীয়াংশ বেশি।

জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়, চলতি বছর এই পথে প্রায় ৬০০ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় তরুণদের কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর দিয়েছেন সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে। তবে সেয়ে সতর্ক করে জানান, কেবল কঠোর আইন প্রয়োগ করে এই বিপর্যয় ঠেকানো যাবে না, বরং সমস্যার মূল কারণগুলো সমাধান করতে হবে।