যুক্তরাষ্ট্রের জাতীয় সাইবার পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে ডেভিস

যুক্তরাষ্ট্রের জাতীয় সাইবার পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে ডেভিস

ফন্ট সাইজ:

পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় সাইবার পরিচালক শন কেয়ার্নক্রস। যুক্তরাষ্ট্রের আকাশপথ, ব্যাংকিং ও জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক বিভ্রাটের মধ্যেই তিনি পদত্যাগ করলেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন পেন্টাগনের প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিস। এ খবর দিয়েছে অনলাইন অ্যাক্সিওস।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাইবার নিরাপত্তা নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন কেয়ার্নক্রস। আগামী জানুয়ারিতে ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেয়ার আগেই হোয়াইট হাউস যেন তার উত্তরসূরি ঠিক করার সময় পায়, সেজন্যই তিনি পদত্যাগ করছেন বলে অ্যাক্সিওস জানায়।

গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল, ব্যাংকিং এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক বিভ্রাট চলছে। রক্ষণাবেক্ষণের সময় কারিগরি ত্রুটির কারণে টানা তৃতীয় দিনের মতো অচল রয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) একটি সিস্টেম। তবে মার্কিন শীর্ষ কর্মকর্তারা জানান, এসব বিভ্রাট একে অপরের সাথে সম্পর্কিত বা কোনো সাইবার হামলা কিংবা শত্রুভাবাপন্ন বিদেশি পক্ষের কারণে ঘটেছে—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এদিকে, নতুন জাতীয় সাইবার পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পর এক্সে দেয়া এক পোস্টে কার্স্টেন ডেভিস তার ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য ডনাল্ড ট্রাম্প ও স্টিফেন মিলারকে ধন্যবাদ জানান। পাশাপাশি সতর্ক ও দূরদর্শী নেতৃত্বের জন্য তিনি পিট হেগসেথকেও ধন্যবাদ দেন।

ডেভিস আরও জানান, প্রজন্মের পর প্রজন্ম ধরে সাইবার অঙ্গনে আধিপত্য বিস্তারের সুযোগ যুক্তরাষ্ট্রের রয়েছে, তবে এর জন্য দেশের মূল ভিত্তিগুলোকে আধুনিকায়ন ও আরও টেকসই করে তুলতে হবে। হোয়াইট হাউসের নতুন এই দায়িত্ব পাওয়ায় ডেভিসকে অভিনন্দন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।