সুইস গণতন্ত্রের বিস্ময়: যে দেশে শেষ কথা বলে জনগণ

সুইস গণতন্ত্রের বিস্ময়: যে দেশে শেষ কথা বলে জনগণ

ফন্ট সাইজ:

সরকার একটি আইন পাস করেছে। কিন্তু জনগণের একটি অংশ তা মানতে রাজি নয়। তারা স্বাক্ষর সংগ্রহ করলো, গণভোটের দাবি তুললো। শেষ পর্যন্ত ভোটে আইনটি বাতিল হয়ে গেল। আবার সাধারণ নাগরিকরাই চাইলে সংবিধান পরিবর্তনের প্রস্তাবও আনতে পারেন। শুনতে অবাক লাগলেও সুইজারল্যান্ডে এমন ঘটনাই স্বাভাবিক। বিশ্বের সবচেয়ে সক্রিয় প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থাগুলোর একটিতে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্তের চূড়ান্ত ক্ষমতা জনগণের হাতেই।

বিশ্বে সবচেয়ে বেশি গণভোট হয় সুইজারল্যান্ডে। শতাধিক বছর ধরে দেশটির নাগরিকরা স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় নানা বিষয়ে সরাসরি ভোট দিয়ে মতামত জানিয়ে আসছেন। শুধু প্রতিনিধি নির্বাচন নয়, আইন, নীতি এবং সংবিধান সংশোধনের মতো বিষয়েও তাদের সরাসরি মতামত নেওয়া হয়।

সুইস রাজনীতিতে এই ব্যবস্থার প্রভাব গভীর। ১৮৯১ সালে গণভোটের মাধ্যমে চালু হয় জনপ্রস্তাব বা পপুলার ইনিশিয়েটিভ। পরে ১৯১৮ সালে আরেকটি জনপ্রস্তাবের মাধ্যমে চালু হয় আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নির্বাচনী ব্যবস্থা। ফলে কোনো দল ৩০ শতাংশ ভোট পেলে প্রায় ৩০ শতাংশ আসনও পায়। এতে ছোট দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে।

নারীদের ভোটাধিকার পেতে অপেক্ষা
প্রত্যক্ষ গণতন্ত্রের জন্য সুপরিচিত হলেও নারীদের ভোটাধিকার প্রশ্নে সুইজারল্যান্ডের ইতিহাস খুব গৌরবের নয়।

১৯৫৯ সালে অনুষ্ঠিত এক গণভোটে পুরুষ ভোটারদের সংখ্যাগরিষ্ঠ অংশ নারীদের ভোটাধিকার দেওয়ার বিরোধিতা করে। অবশেষে ১৯৭১ সালে ফেডারেল নির্বাচনে ভোটাধিকার পান নারীরা। তবে দেশের সর্বশেষ ক্যান্টনে তা কার্যকর হয় ১৯৯১ সালে। আদালতের নির্দেশে অ্যাপেনজেল ইনার রোডস ক্যান্টনে নারীদের ভোটাধিকার চালুর মাধ্যমে দীর্ঘ বিতর্কের অবসান ঘটে।
জনপ্রস্তাব কী?
সুইস প্রত্যক্ষ গণতন্ত্রের সবচেয়ে আলোচিত হাতিয়ার জনপ্রস্তাব।

এর মাধ্যমে নাগরিকরা সরাসরি সংবিধান পরিবর্তনের প্রস্তাব দিতে পারেন। এজন্য ১৮ মাসের মধ্যে এক লাখ বৈধ স্বাক্ষর সংগ্রহ করতে হয়। প্রয়োজনীয় সমর্থন মিললে বিষয়টি জাতীয় গণভোটে যায়।

তবে এই পথ সহজ নয়। ১৮৯১ সাল থেকে এ পর্যন্ত ৫৫৪টির বেশি জনপ্রস্তাব উত্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৪৩টি ভোটে গিয়েছে এবং মাত্র ২৬টি অনুমোদন পেয়েছে। অনেক উদ্যোগ প্রয়োজনীয় স্বাক্ষর জোগাড় করতে পারেনি, আবার অনেকগুলো পরে প্রত্যাহার করা হয়েছে।

তবুও রাজনৈতিক গুরুত্বের দিক থেকে এসব উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ একটি জনপ্রস্তাব প্রায়ই কোনো নতুন ইস্যুকে জাতীয় বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে এবং সরকার ও সংসদকে অবস্থান নিতে বাধ্য করে।

সংসদও দিতে পারে বিকল্প প্রস্তাব

কোনো জনপ্রস্তাব জমা পড়লে তা নিয়ে আলোচনা করে সংসদ। চাইলে তারা প্রস্তাবটি গ্রহণ, প্রত্যাখ্যান কিংবা বিকল্প প্রস্তাব দিতে পারে।
অনেক ক্ষেত্রে সংসদের দেওয়া বিকল্প প্রস্তাব গ্রহণ করে উদ্যোগকারীরা মূল দাবি প্রত্যাহার করে নেন। আর সমঝোতা না হলে বিষয়টি গণভোটে গড়ায়। এই সংস্কৃতিই সুইস রাজনীতিকে সমঝোতাপূর্ণ করে তুলেছে।

সংসদের আইনও আটকে দিতে পারে জনগণ
সুইজারল্যান্ডে রয়েছে ঐচ্ছিক গণভোটের ব্যবস্থা।
সংসদ কোনো আইন পাস করার পর নাগরিকরা যদি তার বিরোধিতা করেন, তাহলে ১০০ দিনের মধ্যে ৫০ হাজার বৈধ স্বাক্ষর সংগ্রহ করে গণভোটের দাবি তুলতে পারেন। এরপর আইনটির ভাগ্য নির্ধারণ করেন ভোটাররা।

বিশ্লেষকদের মতে, এই ব্যবস্থাই সরকার ও সংসদকে জনগণের মতামতের প্রতি সতর্ক রাখে। কারণ জনসমর্থন না থাকলে যেকোনো আইন গণভোটে আটকে যেতে পারে।

ছোট ক্যান্টনের বড় ক্ষমতা
সুইজারল্যান্ডে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে শুধু জনগণের সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেলেই হয় না। প্রয়োজন হয় ক্যান্টন সংখ্যাগরিষ্ঠতারও।

ফলে জনসংখ্যা কম হলেও ছোট ক্যান্টনগুলো জাতীয় সিদ্ধান্তে উল্লেখযোগ্য প্রভাব রাখতে পারে। ২০২০ সালে ‘রেসপনসিবল বিজনেস ইনিশিয়েটিভ’ জাতীয় ভোটে এগিয়ে থাকলেও ক্যান্টন সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তা পাস হয়নি।

এখনও সরব গণভোটের রাজনীতি
প্রত্যক্ষ গণতন্ত্রের চর্চা এখনও সুইজারল্যান্ডে সমানভাবে সক্রিয়।
২০২৪ সালে জাতীয় মহাসড়ক সম্প্রসারণ কর্মসূচি গণভোটে প্রত্যাখ্যাত হয়। প্রস্তাবটি ৪৭.৩ শতাংশ সমর্থন পায়। একই দিনে স্বাস্থ্যবিমা অর্থায়ন-সংক্রান্ত একটি সংস্কার প্রস্তাব ৫৩.৩ শতাংশ ভোট পেয়ে অনুমোদিত হয়। এতে স্পষ্ট হয়, সুইস ভোটাররা প্রতিটি বিষয় আলাদাভাবে বিবেচনা করেন।

কেন আলোচিত সুইস মডেল?
বিশেষজ্ঞদের মতে, সুইস গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি জবাবদিহি। সরকার জানে, জনমত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কঠিন। ফলে নতুন আইন বা নীতি প্রণয়নের আগে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী গোষ্ঠী এবং নাগরিক সমাজের সঙ্গে ব্যাপক আলোচনা করা হয়।

শেষ কথা
বিশ্বের অধিকাংশ দেশে নির্বাচন শেষ হলেই রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব চলে যায় নির্বাচিত প্রতিনিধিদের হাতে। কিন্তু সুইজারল্যান্ডে চিত্র ভিন্ন। সেখানে জনগণ শুধু ভোটার নয়, নীতিনির্ধারণ প্রক্রিয়ারও অংশ।
আইন বাতিল থেকে সংবিধান সংশোধন, গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে জনগণের সরাসরি মতামত নেওয়া হয়। আর এ কারণেই দেড় শতাব্দীর বেশি সময় ধরে সুইজারল্যান্ডের প্রত্যক্ষ গণতন্ত্র বিশ্বের রাজনৈতিক অঙ্গনে এক অনন্য উদাহরণ হয়ে আছে।

লেখক: সহিদুল আলম স্বপন; জেনেভাভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক, প্রাইভেট ব্যাংকিং ফিন্যান্সিয়াল ক্রাইম কমপ্লায়েন্স বিশেষজ্ঞ, কলামিস্ট ও কবি। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক আর্থিক স্বচ্ছতা ও কৌশলগত বিষয় নিয়ে নিয়মিত লেখেন।

ই-মেইল: [email protected]