সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবি কবি-সাহিত্যিকদের

ফন্ট সাইজ:

দেশব্যাপী চলমান অস্থিতিশীলতা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছেন দেশের বিশিষ্ট কবি, লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা। একইসাথে তারা আগামী বছরকে ‘খালেদা বর্ষ’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার কবি আবু জুবায়ের-এর পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই আহ্বান জানান।

বিবৃতিতে স্বাক্ষরকারী কবি ও লেখকরা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোসররা পরিকল্পিতভাবে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তারা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা রুখে দেয়ার কথা উল্লেখ করে তারা অবিলম্বে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
পাশাপাশি বিবৃতিতে লেখক ও বুদ্ধিজীবীরা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী বছরকে ‘খালেদা বর্ষ’ হিসেবে পালনের মাধ্যমে সারাদেশে বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে। এ লক্ষ্যে তারা দেশবাসীসহ সর্বস্তরের লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বিবৃতিদাতারা হলেন, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও ছড়াকার আবু সালেহ, কথাসাহিত্যিক ইউসুফ শরীফ, কবি মাহবুব হাসান, কবি মাহমুদ শফিক, কবি জাহাঙ্গীর ফিরোজ, প্রাবন্ধিক ও লেখক ড. মুস্তাফা মজিদ, লেখক ও সাংবাদিক আব্দুল আওয়াল ঠাকুর, কবি ফেরদৌস সালাম, কবি রহিমা আক্তার কল্পনা, কবি শামীমা চৌধুরী, ছড়াকার আতিক হেলাল, কবি শান্তা মারিয়া, ছড়াকার জুলফিকার শাহাদাত, কবি ঢালী মোহাম্মদ দেলোয়ার, ছড়াকার আমিনুল ইসলাম মামুন, কবি আয়ুব সৈয়দ, কবি খান মোহাম্মদ খালেদ, কবি সৈয়দ রনো, কবি শামসুদ্দিন হারুন, কবি কামার ফরিদ, ছড়াকার সজল আশফাক, গবেষক ও লেখক খন্দকার আকবর হোসেন, ছড়াকার নাগর হান্নান, ছড়াকার আলমগীর বাবুল, নাট্যকার তরঙ্গ আনোয়ার, কবি সাব্বির আহমেদ চৌধুরী, শিশুসাহিত্যিক রমিজ খান, প্রাবন্ধিক জমির হোসেন, কবি শামীম আনসারী, কবি কামরুল হাসান, কবি প্রশান্ত বড়ুয়া, কবি রজত কান্তি বর্মন এবং ব্লগার ফসিউল আলম প্রমুখ।