জার্মানির ফুটবলে নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছেন ইয়ুর্গেন ক্লপ। আর সেই স্বপ্নে আস্থা রাখছেন তার একসময়ের চিরপ্রতিদ্বন্দ্বী, বর্তমানের বন্ধু পেপ গার্দিওলা। জার্মানি জাতীয় দলের কোচ হিসেবে ক্লপের নিয়োগকে দেশটির ফুটবল ফেডারেশনের (ডিএফবি) ‘সেরাদের সেরা’ সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন স্প্যানিশ এই কোচ।
বুন্ডেসলিগা ম্যাগাজিনে প্রকাশির এক সাক্ষাৎকারে ক্লপের প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করেন গার্দিওলা। তিনি বলেন, ‘ফুটবলে ক্লপ অন্যতম সেরা। তার প্রতি আমার শ্রদ্ধা ও মুগ্ধতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি এমন একজন মানুষ, এমন একজন কোচ, যিনি আমাদের ফুটবলজগৎকে আরও সুন্দর করে তোলেন।’
গার্দিওলার বিশ্বাস, ক্লপের হাত ধরে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষ আসনে ফিরতে পারে জার্মানি। শুধু মাঠের সাফল্য নয়, জাতীয় দলকে ঘিরে সমর্থকদের হারানো উন্মাদনাও ফিরিয়ে আনতে পারবেন তিনি। ক্লপের নেতৃত্বগুণ ও ব্যক্তিত্বের প্রশংসা করে গার্দিওলা বলেন, ‘তার অসাধারণ ব্যক্তিত্ব রয়েছে। তিনি অবিশ্বাস্য রকমের ভালো যোগাযোগ করতে পারেন। আমি শতভাগ নিশ্চিত, তার অধীনে জার্মানরা আবারো নিজেদের জাতীয় দল নিয়ে গর্বিত হবে।’
তবে ক্লপের অধীনে জার্মানি বিশ্বকাপ কিংবা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতবে কি না, তা এখনই বলা সম্ভব নয় বলে মনে করেন গার্দিওলা।
জার্মানি ও ইংল্যান্ডে দীর্ঘ সময় ধরে দুই কোচের লড়াই ফুটবলপ্রেমীদের উপহার দিয়েছে অসংখ্য স্মরণীয় মুহূর্ত। বায়ার্ন মিউনিখের সাবেক কোচ গার্দিওলা বলেন, ‘মনে হয়, ইয়ুর্গেনের বিপক্ষে আমি লাখবার খেলেছি। সে আমার চেয়ে বেশি ম্যাচ জিতেছে বলেই মনে হয়। প্রতিটি ম্যাচ থেকেই আমি কিছু না কিছু শিখেছি।’ ক্লপকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ও কঠিনতম প্রতিপক্ষ হিসেবেও উল্লেখ করেছেন তিনি। তবে মাঠের সেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা এখন অতীত। সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে গার্দিওলার সরল স্বীকারোক্তি, ‘আমরা বন্ধু।’
এমনকি চলতি বছর জার্মানিতে গিয়ে ক্লপের সঙ্গে গলফ খেলার পরিকল্পনাও রয়েছে গার্দিওলার। এরপর দুজন একসঙ্গে রাতের খাবারও খেতে চান।
